কলকাতায় প্রথম কোভ্যাক্সিন নিয়েছিলেন বিপ্লব, কেমন আছেন তিনি
রফিকুল জামাদার
নাইসেডের বেডে শুয়ে কলকাতায় প্রথম কোভ্যাক্সিন টিকা নিয়েছিলেন বিপ্লব যশ। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজও এই কোভ্যাক্সিনের টিকা নিয়েছিলেন দ্বিতীয় দফার ট্রায়ালে। তবে শনিবার তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে স্বাস
শেষ আপডেট: 6 December 2020 09:31
রফিকুল জামাদার
নাইসেডের বেডে শুয়ে কলকাতায় প্রথম কোভ্যাক্সিন টিকা নিয়েছিলেন বিপ্লব যশ। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজও এই কোভ্যাক্সিনের টিকা নিয়েছিলেন দ্বিতীয় দফার ট্রায়ালে। তবে শনিবার তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্যমহলে। কিন্তু কেমন আছেন বিপ্লব?
রবিবার দুপুরে দ্য ওয়াল-এর তরফে যোগাযোগ করা হয় বেলেঘাটা এক নম্বর চাল পট্টি এলাকার বাসিন্দা বিপ্লববাবুর সঙ্গে। তিনি জানান, ১ ডিসেম্বর কোভ্যাক্সিন নেওয়ার পর ভালই আছেন তিনি। এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই।
বাড়িতে স্ত্রী ও এক মেয়ে রয়েছেন। কোভ্যাক্সিনের ট্রায়ালে অংশ নেওয়া মানে তো বিস্তর ঝুঁকি। কার্যত গিনিপিগ হওয়া। কী ভাবে নিলেন এত বড় সিদ্ধান্ত? বিপ্লব যশের জবাব, "ঝুঁকি তো থাকবেই। তবু আমি চেয়েছিলাম এই কোভিড যুদ্ধে দাঁড়াতে। তাই ভ্যাকসিন নিয়েছি।"

হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার পর শনিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রক বলেছে, কোভিড প্র্তিষেধক হিসেবে কোভ্যাক্সিনের দুটি ডোজ রয়েছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ একটি ডোজ নিয়েছিলেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে, নিয়মানুযায়ী প্রথম ডোজের ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিতে হয়। সেই ডোজ নেওয়ার ১৪ দিন পর শরীরে কাজ করতে শুরু করে টিকা। মোট সময়সীমা ৪২ দিনের।
এক্ষেত্রে তা হয়নি। গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের টিকা নিয়েছিলেন অনিল ভিজ। হরিয়ানার প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিয়েছিলেন তিনি। তার কিছুদিন পরেই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
কলকাতার বিপ্লব জানিয়েছেন, আগামী ২৯ ডিসেম্বর তিনি দ্বিতীয় ডোজ নেবেন। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বিপ্লববাবু। লকডাউনে কাজ গিয়েছে। এখন প্রাইভেট টিউশনি করেন। সংসার চালাতে আপাতত এটাই তাঁর পেশা। তবে তিনি জানাচ্ছেন, বৃহত্তর স্বার্থে কিছু ত্যাগ করেছেন। এটা এই সংকটের সময়ে অনিবার্য ছিল। তিনি ভ্যাকসিন গ্রহণের স্বেচ্ছাসেবক হওয়ার জন্যও সকলকে আবেদন জানান।