
শেষ আপডেট: 21 May 2023 16:15
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রিত্ব থেকে তাঁর ইস্তফা দেওয়া ছিল নাটকীয়। তারপর তাঁকে বিজেপি সম্মানজনক পুনর্বাসন দিতে রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছে। সেই তিনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Tripura Ex CM) বিপ্লব দেব কার্যত বিস্ফোরণ (Biplab Dev Bursts Anger) ঘটালেন রবিবার। এমনই তার তেজ, যে সাংবাদিক বৈঠকের পরেই দিল্লি থেকে জরুরি তলব করা হয় তাঁকে।
ইদানীং বিপ্লব বিশেষ ত্রিপুরায় থাকেন না। দিল্লিতেই বেশি থাকেন। অন্য রাজ্যে বক্তৃতা করতে যান। রবিবার সকালেই আগরতলা পৌঁছেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিক বৈঠক করে প্রদেশ বিজেপি নিয়ে ক্ষোভের জ্বালামুখ খুলে দেন।
তাঁর সরাসরি অভিযোগ, ‘রাজ্য পার্টিতে বহিরাগতদের (Outsider Issue) হস্তক্ষেপ বাড়ছে। যা বিজেপিকেই ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে।’ সন্দেহ নেই, বিপ্লবের মতো প্রথম সারির ত্রিপুরা বিজেপির নেতার মুখে এ হেন অভিযোগ বিস্ফোরণের সমান। ওই সাংবাদিক বৈঠকের পরেই বিপ্লবের কাছে দিল্লি থেকে ফোন আসে। বিকেলের বিমানেই আগরতলা থেকে ফের দিল্লি চলে যান তিনি।
এক, হতে পারে বিজেপির এখন যিনি পর্যবেক্ষক সেই মহেশ শর্মাকে তিনি ইঙ্গিত করেছেন। মহেশ উত্তরপ্রদেশের নেতা। বিপ্লব কারও নাম করেননি। তবে বিপ্লন ঘনিষ্ঠ এক তরুণ নেতা বলেন, ‘মহেশজির সঙ্গে দাদার সম্পর্ক খুব ভাল। ওঁকে কিছু বলেননি।’ তাহলে কাকে বললেন?
ত্রিপুরা বিজেপির আইটি সেলের ওই নেতাটি বলেন, ‘আমি নাম বলব না। তবে এটুকু বলতে পারি, একজন নেতা গোটা উত্তর-পূর্বের প্রধানমন্ত্রী হতে চাইছেন। তিনি অযথা নাক গলাচ্ছেন রাজ্য সংগঠনে।’ অনেকের ধারণা, বিপ্লব আসলে নিশানা করেছেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে।
বিপ্লব দেবের জায়াগায় মুখ্যমন্ত্রী করা হয়েছিল মানিক সাহাকে। মানিক সেই সময়ে ছিলেন রাজ্য সভাপতি। তারপর রাজ্য সভাপতি বদল করে বিজেপি। দায়িত্ব দেওয়া হয় রাজীব ভট্টাচার্যকে। রাজীব আবার ত্রিপুরার বিজেপিতে বিপ্লবের লোক হিসাবেই পরিচিত। এদিনের বিপ্লব দেবের সাংবাদিক বৈঠকের পরে তাই কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি রাজীব ভট্টাচার্য কাজ করতে পারছেন না? তাঁকে কি পদে পদে হেনস্থা করা হচ্ছে?
এমনিতে ত্রিপুরার রাজনীতিতে এটা সর্বজনবিদিত যে, এখন রাজ্য বিজেপি আড়াআড়ি বিভক্ত। ভোটের পর তা আরও তীব্র হয়েছে। কেউ কেউ এমনও বলছেন, তলায় মানিক সাহাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরাতে সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এ হেন প্রেক্ষাপটে বিপ্লবের বিস্ফোরক সাংবাদিক বৈঠক ও তারপর তাঁকে দিল্লিতে জরুরি তলব নিয়ে কৌতূহলের চোরাস্রোত বয়ে চলেছে। বিজেপিরও অনেকে বলছেন, তাহলে কি বড় বড় কিছু হতে চলেছে?
ছেলের সঙ্গে মাধ্যমিক পাশ করলেন সেই ছোট্টবেলায় স্কুলছুট মা! এমএ পাশ মেয়েই অনুপ্রেরণা