দ্য ওয়াল ব্যুরো : গুরুতর অভিযোগের মুখে মঙ্গলবার ইস্তফা দিলেন ফ্লিপকার্টের গ্রুপ সিইও বিন্নি বনসল । ফ্লিপকার্ট ও তার পেরেন্ট কোম্পানি ওয়ালমার্টের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে বড় ধরনের অসাধুতার অভিযোগ উঠেছিল । তা নিয়ে তদন্ত হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করছেন। সেই সঙ্গে ইস্তফাও দিয়েছেন। তাঁর ইস্তফা গ্রহণ করা হয়েছে ।
আমেরিকার ওয়ালমার্ট কোম্পানি গত বছর বেঙ্গালুরুর ফ্লিপকার্ট কোম্পানির ৭৭ শতাংশ শেয়ার কিনে নেয় । তার দাম ছিল ১৬০০ কোটি ডলার ।
ওয়ালমার্ট ও ফ্লিপকার্ট বিবৃতিতে বলেছে, ফ্লিপকার্টের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে বিন্নি সবসময় কোম্পানিতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু সম্প্রতি এমন কয়েকটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে যাতে মনে হয়, তিনি হয়তো আর আগের মতো কাজ করতে পারবেন না । তাই তিনি ইস্তফা দিয়েছেন।
৩৭ বছরের বিন্নির বিরুদ্ধে তদন্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নিতে ভুল করেছিলেন । কোনও কোনও ক্ষেত্রে স্বচ্ছতার পরিচয় দিতে পারেননি ।
কল্যাণ কৃষ্ণমূর্তি আগামী দিনেও ফ্লিপকার্টের সিইও হিসাবে কাজ চালিয়ে যাবেন । কোম্পানির ব্যবসায়িক ক্ষেত্রে মায়ান্ত্র এবং জাবং আলাদাভাবে কাজ করবে । অনন্ত আনন্দমুর্তি মায়ান্ত্র ও জাবং-এর সিইও হিসাবে কাজ চালিয়ে যাবেন। তাঁর বস হবেন কৃষ্ণমূর্তি । ডিজিট্যাল ওয়ালেট ফোন পে-র সিইও হবেন সমীর নিগম । কৃষ্ণমূর্তি ও সমীর সরাসরি দায়বদ্ধ থাকবেন বোর্ডের কাছে ।