
শেষ আপডেট: 12 July 2022 11:39
দ্য ওয়াল ব্যুরো: আদালতে হাজিরা দিলেন বিমান বসু (Biman Basu) ও সূর্যকান্ত মিশ্র। ২০১৫ সালের অবস্থান–বিক্ষোভ সংক্রান্ত একটি মামলায় এদিন সকাল ১১টায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন তাঁরা। আদালত হাজিরা চেয়ে সমন জারি করেছিল। হাজিরার তালিকায় নাম ছিল মঞ্জুকুমার মজুমদার ও নিরঞ্জন চট্টোপাধ্যায়েরও।
২০১৫ সালের অক্টোবর মাসের ১০ তারিখ কলকাতা জেলা বামফ্রন্ট বিদ্যুৎতের মাশুল বৃদ্ধির বিরুদ্ধে ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচী করেন। পুলিশের অনুমতি নিয়েই ওই কর্মসূচী করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে পুলিশ মামলা দায়ের করে।
পুলিশের দায়ের করা মামলায় অভিযোগ ছিল, বেআইনি জমায়েত ও বিশৃঙ্খলার। ওই জমায়েতের জন্য পথচারীদের অসুবিধা হয়েছে বলেও অভিযোগ আনা হয়। ১৪৩,১৪৯,২৮৯ ধারায় মামলা হয়। ২০১৮ সালের ডিসেম্বরে চার্জশিট পেশ হয়। ওই মামলাতেই এদিন হাজিরা দিয়েছেন বিমান(Biman Basu), সূর্যরা।
বিমান বসু (Biman Basu) জানিয়েছেন, পুলিশের অনুমতি নিয়েই ওইদিনের কর্মসূচী ছিল। পরে পুলিশ মামলা করে। ওই মামলা এখনও চলছে। এই মামলা জিইয়ে রাখা হবে, নাকি নিস্পত্তি হবে, তা আদালত ঠিক করবে।
বামেদের আইনজীবী ইয়াসিন রহমান জানিয়েছেন, ব্যাক্তিগত ৫০০ টাকার বন্ডে জামিন পেয়েছেন বিমান বসু–সহ চার বাম নেতা। এই মামলার পরবর্তী শুনানী ৪ নভেম্বর।