
শেষ আপডেট: 5 February 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র দলেরই অস্বস্তি বাড়িয়েছেন। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর মন্তব্য ছিল, দলে কে কী ভাবে রোজগার করে, তাঁর জানা। সোমবার লাভলির প্রসঙ্গ ওঠে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে। তিনি অবশ্য জানান, লাভলি মৈত্র কী বলেছেন সেই ব্যাপারে কিছুই জানেন না।
''কে কী বলেছে আমার জানা নেই। ও (লাভলি) কোথায় দুর্নীতি দেখেছে সেটা আমি বলতে পারব না।'' সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান বিমান বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে দলনেত্রীর নাম নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নেত্রী। তাঁকে দেখে রাজ্য সরকারকে সমর্থন করেন সাধারণ মানুষ। সুতরাং ব্যক্তিগতভাবে কে কী বলছে এটা তাদের বিষয়।
এরপর আবার সংবাদমাধ্যমের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ উগরে দিন বিধানসভার স্পিকার। বলেন, ''দুর্নীতির অভিযোগ এর আগে ২০১৬, ২০২১ সালেও উঠেছিল, তখন তো মিডিয়াই আমাদের হারিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ ভোটে জিতিয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই ভোট হয়েছিল, রাজ্য পুলিশ নয়।'' যদিও বিমানের সাফ বক্তব্য, কেউ যদি দুর্নীতি করে থাকেন, তাহলে সেটা বাঞ্ছনীয় নয়।
সোনারপুরের প্রতাপনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিতির হার অনেক কম ছিল। দলের বহু নেতা-কর্মী সেখানে না আসাতেই এমন ভাষায় ক্ষোভ প্রকাশ করে লাভলি বলেছিলেন, ''দল থাকলে রোজগার হবে, কে কী ভাবে রোজগার করে, তাও আমার জানা। তা বলে শুধু গ্রুপবাজি চলবে আর আর দল শেষ হয়ে যাবে, এটা হবে না।''