দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে শহরের রাস্তায় তরুণীর শ্লীলতাহানির ঘটনা ঘটল। তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে নিউটাউন (Newtown) থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নিউটাউন বিবি ব্লকের রাস্তায়। দুই বাইক আরোহী এক তরুণীকে একা পেয়ে তাঁকে উত্যক্ত করছিল। ধৃতরা হল রাজু মজুমদার (২৭) এবং সবুজ শীল (২১)। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে।
বিধাননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, বুধবার রাতে একটি চায়ের দোকানে ছিল ওই দুই অভিযুক্ত। তখনই রাস্তা দিয়ে বছর কুড়ির এক তরুণীকে যেতে দেখে তারা। তারপর বাইক নিয়ে তাঁর পিছনে পিছনে যেতে শুরু করে। চলতে থাকে নানা অশ্লীল ইঙ্গিত ও মন্তব্যও।
বেশ কিছুক্ষণ এই উৎপাত সহ্য করার পর ঘুরে দাঁড়ান ওই তরুণী। তিনি একটি রেস্তোরাঁয় কাজ করেন। তিনি দুজনের সামনে গিয়ে তাদের জিজ্ঞেস করেন কেন এমন আচরণ তারা করছে। ঘটনার ভিডিও তোলারও চেষ্টা করেন তরুণী কিন্তু তাঁর ফোন কেড়ে নেওয়া হয়।
কিছুক্ষণ পর নিউটাউন পুলিশ রাস্তার উপর তরুণীকে দেখতে পায়। তিনি কাঁদছিলেন। তাঁকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এরপর তরুণীর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। নিউটাউন বিবি ব্লকের সিসিটিভি ফুটেজ দেখে দুই অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।