
শেষ আপডেট: 17 October 2022 06:36
দ্য ওয়াল ব্যুরো: ফের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব (Hijab) বিতর্ক। এবারের ঘটনাস্থল বিহার। মুজফফরপুরের এক কলেজ ছাত্রীর (Bihar student) অভিযোগ, পরীক্ষা চলাকালীন তাঁকে হিজাব খোলার জন্য জোরাজুরি করতে থাকেন এক পুরুষ শিক্ষক। শুধু তাই নয়, তাঁর কথা শুনতে অস্বীকার করলে তাকে দেশদ্রোহী (anti national) বলে খোঁচা দিয়ে পাকিস্তানে চলে যেতে বলা হয় বলেও দাবি করেছেন ওই ছাত্রী।
ঘটনাটি ঘটেছে মুজফফরপুরের মহন্ত দর্শন দাস মহিলা কলেজে। রবিবার ওই কলেজে একটি পরীক্ষা ছিল। সেখানেই তাঁকে হেনস্থার শিকার হতে হয় বলে দাবি করেছেন ওই ছাত্রী। তিনি জানিয়েছেন, ওই শিক্ষক তাঁকে হিজাব খুলে ফেলতে বলেন। ছাত্রীটি হিজাব খুলতে অস্বীকার করলে ওই পরীক্ষক তাঁকে দেশদ্রোহী বলে দাবি করে পাকিস্তানে চলে যেতে বলেন।
এই বিষয়ে ওই কলেজের প্রিন্সিপাল ড. কানু প্রিয়া জানিয়েছেন, ওই ছাত্রীকে হিজাব খুলে ফেলতে বলা হয়নি। বদলে শুধুমাত্র কানের অংশটুকু উন্মুক্ত করতে বলা হয়েছিল। পরীক্ষায় অনেকেই নকল করার জন্য কানে ব্লুটুথ ডিভাইস লাগিয়ে রাখেন। ওই ছাত্রী যে সেরকম কিছু করছেন না, তা নিশ্চিত করতেই তাঁকে পরীক্ষক শুধুমাত্র কানের অংশটুকু উন্মুক্ত রাখার কথা বলেছিলেন বলে জানিয়েছেন তিনি।
প্রিন্সিপাল আরও জানিয়েছেন, এটি নিরাপত্তা সংক্রান্ত চেকিং-এর একটা অংশ, সমস্ত পড়ুয়াকেই এর মধ্যে দিয়ে যেতে হয়। বাকি ছাত্রছাত্রীদের মধ্যে ওই ছাত্রী কেউ নিজের মোবাইল ফোন পরীক্ষাকক্ষের বাইরে রেখে আসতে বলা হয়েছিল।
ড. কানু প্রিয়া জানিয়েছেন, এর ঘটনার পর ওই ছাত্রী সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানান। শুধু তাই নয়, পরিচিত কিছু অসামাজিক কাজকর্মে যুক্ত লোকজনকেও ওই ছাত্রী কলেজ চত্বরে ডেকে এনে অশান্তি পাকান বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বিষয়টি নিয়ে আপত্তি থাকলে ওই ছাত্রী থানায় জানানোর আগে পরীক্ষার নিয়ন্ত্রক কিংবা তাঁকে জানাতে পারতেন।
পরীক্ষকের বিরুদ্ধে ছাত্রীটি অভিযোগ এনেছেন, তাঁকে দেশদ্রোহী দাবি করে পাকিস্তানে চলে যেতে বলা হয়েছিল। এই প্রসঙ্গে ড. কানু প্রিয়া জানিয়েছেন, ঘটনার সময় তিনি ওই জায়গায় উপস্থিত ছিলেন না। তবে পরীক্ষা কক্ষে উপস্থিত অন্যান্য ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, এমন কিছু আদৌ বলেননি ওই পরীক্ষক। বাকি পড়ুয়াদের বক্তব্য অনুযায়ী বিষয়টি সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
মিঠানপুরা থানার স্টেশন হাউস অফিসার শ্রীকান্ত সিনহা জানিয়েছেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করিয়ে দেওয়া হয়। ওই ছাত্রীও পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে। এই মুহূর্তে এই নিয়ে কোনও অশান্তি না হলেও বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
দিল্লির উপ মুখ্যমন্ত্রী সিসোদিয়াকে কি আজই গ্রেফতার করবে সিবিআই, তেমনই আশঙ্কা আপের