
শেষ আপডেট: 7 July 2023 07:53
দ্য ওয়াল ব্যুরো: 'হাম দিল দে চুকে সনম' (Hum dil de chuke sanam) ছবিটি অনেকেরই পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকবে। সলমন খান, ঐশ্বর্য রাই এবং অজয় দেবগণ অভিনীত এই ছবিটির গল্প গড়পড়তা অন্যান্য ছবির তুলনায় অনেকটাই আলাদা ছিল। ঐশ্বর্যের সঙ্গে অজয় দেবগনের বিয়ে হওয়ার পর স্বামীই তাঁকে পৌঁছে দেন প্রেমিক সলমনের কাছে। বিখ্যাত সেই ছবিই যেন এবার অবিকল বাস্তবে রূপ নিল। বিহারের এক যুবক সম্প্রতি ঘটালেন এমনই এক অভিনব কাণ্ড।
তবে ছবির সঙ্গে এক্ষেত্রে অমিল একটাই। স্ত্রী এক্ষেত্রে নিজেই পালাতে চেয়েছিলেন প্রেমিকের সঙ্গে। ফলে, স্ত্রী-র মনের কথা বুঝে আর জোর জবরদস্তির পথে যান নি বাস্তবের 'বনরাজ'।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একটি শিব মন্দিরে সেই উদার যুবকের স্ত্রীর সিঁথিতে সিঁদুর পড়িয়ে দিচ্ছে অন্য এক যুবক। পাশে দাঁড়িয়ে রয়েছেন বিহারের সেই 'অজয় দেবগণ'। বলা যায় নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রী-র বিয়ে দিচ্ছেন সেই ব্যক্তি।

কিন্তু নিজের স্ত্রীর বিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত আচমকা কেন নিলেন তিনি? জানা গেছে, স্বামী কাজে বেরিয়ে গেলেই প্রতিদিন লুকিয়ে সেই মহিলার সঙ্গে দেখা করতে আসত তাঁর বিয়ের আগের প্রেমিক। আচমকা একদিন সেই স্ত্রী ধরা পড়েন গ্রামবাসীদের হাতে। ক্ষুব্ধ গ্রামবাসীরা বেদম প্রহার করেন সেই 'দিওয়ানা' প্রেমিককে।
দু'জনকে একসঙ্গে গ্রামের বাইরে বের করে দিতে চেয়েছিলেন গ্রামবাসীরা। ঠিক সেই সময়েই এসে পড়েন ওই মহিলার স্বামী। তিনিই গ্রামবাসীদের নিরস্ত করেন। তবে এরপর আর অনিচ্ছুক স্ত্রীকে নিজের কাছে বেঁধে রাখতে চাননি সেই স্বামী। প্রেমিকের সঙ্গে চার হাত এক করে দিলেন নিজের স্ত্রীর। প্রসঙ্গত, যে যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয় এই মহিলার তিনি নিজেও বিবাহিত। তিন সন্তানের বাবা তিনি।
একেবারে ফিল্মি কায়দায় নিজের স্ত্রীর বিয়ে দিয়ে আপাতত নেটিজেনদের চোখে 'হিরো' হয়ে গিয়েছেন এই যুবক। অনেকেই বলছেন এমন উদার মানসিকতা সহজে দেখা যায় না। কেউ কেউ তাঁকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, 'আপনি নিজের জীবনে খুব তাড়াতাড়ি একজন মনের মানুষের সন্ধান পাবেন'।
একদিনে তিন কোটি! থ্রেডস কি সত্যিই 'থ্রেট' হয়ে উঠছে টুইটারের? সুবিধা দেখে খুশি গ্রাহকরা