
শ্লীলতাহানির অভিযোগে আটক এক জওয়ান - প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 June 2024 09:50
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট চলাকালীন বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তা নিয়ে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহলে। এবার খাস কলকাতায় এমন ঘটনায় আটক করা হল এক জওয়ানকে। চিৎপুরে শ্লীলতাহানির অভিযোগে আটক হয়েছেন এক সিআরপিএফ জওয়ান।
পঞ্চম এবং ষষ্ঠ দফা ভোটের আগে রাজ্যের একাধিক জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসেছিল। সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে সুর চড়িয়েছিল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবার সপ্তম বা শেষ দফা ভোটের পর কলকাতা থেকেই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে আটক হলেন এই জওয়ান।
পুলিশ সূত্রে খবর, বারুইপুর থেকে ভোটের ডিউটি করে ফেরার সময় দুই মহিলার শ্লীলতাহানি করেছেন ওই সিআরপিএফ জওয়ান, এমনই অভিযোগ এসেছে তাঁদের কাছে। পাইকপাড়ার বাসিন্দা দুই বোন তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। তারা পুলিশকে জানিয়েছেন, রবিবার মধ্যরাতে ওই জওয়ান মত্ত অবস্থায় আচমকা তাঁদের ঘরে ঢুকে পড়েন এবং অশ্লীল আচরণ করেন। কু-মতলবে গায়েও হাত দেন। এরপরই তারা চিৎকার করে আশেপাশের লোক ডাকেন। তারাই ওই জওয়ানকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
ভোটের মাঝে উলুবেড়িয়া লোকসভার কুলগাছিয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। অভিযোগকারিণী ভোরবেলা হাঁটতে বেরলে তার সঙ্গে ওই জওয়ান অভব্য আচরণ করে বলে দাবি। তাঁকে আটক করা হয়েছিল। এরপর হুগলিতে ঘরে ঢুকে ঘুমন্ত এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল আরও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। তাকেও আটক করেছিল পুলিশ।