
শেষ আপডেট: 22 November 2023 14:25
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনে দুষ্কৃতীদের হামলার শিকার হন তৃণমূল নেতা বিকি যাদব। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাঁর শরীর। রাতেই কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপরই খুনের কিনারা করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ।
ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থল পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বুধবার সকাল থেকে থমথমে মোমিনপাড়া অঞ্চল। স্থানীয় সূত্রে জানা গেছে, যে তিনজন এদিন এসেছিল তাদের মধ্যে একজনের মুখ হেলমেটে ঢাকা ছিল। সেই বিকিকে এসে তাঁর পরিচয় জানতে চায়। তারপরই ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় সে। এদিন ৯ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত হিসাবে কয়েকজনকে সন্দেহ করছে পুলিশ। তাদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারি দাবি তুলেছেন সাংসদ অর্জুন সিংও। তাঁর বক্তব্য, বিকি তৃণমূল কর্মী ছিলেন। তবে এই খুনে তিনি রাজনৈতিক কোনও যোগসূত্রে খুঁজে পাচ্ছেন না। অর্জুন আরও জানিয়েছেন, বিকির এক আত্মীয় আকাশ যাদব কয়েকদিন আগেই খুন হন। সেই ঘটনায় বিকির নাম জড়িয়েছিল। ওই সময়েই সিবিআই বিকিকে জিজ্ঞাসাবাদ করে। যদিও বিকিকে কে বা কারা খুন করেছে তা পুলিশ তদন্ত সাপেক্ষ বলেই মনে করছেন সাংসদ।