
শেষ আপডেট: 6 September 2022 10:57
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে দেশজুড়ে কোভিডের (covid-19) বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এরমধ্যেই বাজারে চলে এল ন্যাসাল কোভিড ভ্যাকসিন (nasal vaccine)। সৌজন্যে ভারত বায়োটেক (Bharat Biotech)। একেবারেই জরুরি পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের জন্য এই ন্যাসাল ভ্যাকসিন ব্যবহৃত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য। একইসঙ্গে তিনি জানান, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত তার বিজ্ঞান, গবেষণা ও উন্নয়ন, এবং মানব সম্পদকে কাজে লাগিয়েছে।'
উল্লেখ্য, গোটা বিশ্বের মধ্যে ভারত বায়োটেকই প্রথম এই ন্যাসাল টিকা বাজারে আনল। ইঞ্জেকশনের মাধ্যমে নয়, এই টিকা নেওয়া যাবে নাকে দেওয়া ড্রপের সাহায্যেই। গতমাসের মধ্যেই এই টিকার তৃতীয় ট্রায়াল শেষ হয়ে গেছে। ড্রাগ রেগুলেটর অথোরিটির কাছে ভারত বায়োটেক যে রিপোর্ট জমা দিয়েছে তাতে বলা হয়েছে, 'এই টিকা দামের দিক থেকে অনেকটা সস্তা হবে। যে সকল দেশের নাগরিকদের গড় রোজগার কম, সেইসব দেশে এই ন্যাসাল ভ্যাকসিন খুবই কার্যকর।' জানা গেছে, আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করেছে ভারত বায়োটেক।
সূত্রের খবর, এই টিকা তৈরির খরচের একটি অংশ ভারত সরকারের কোষাগার থেকে গিয়েছে। কোভিড সুরক্ষা প্রোগ্রামের অধীনে সেই টাকা দেওয়া হয়েছে। অন্যান্য টিকার মতো এই ন্যাসাল ভ্যাকসিনেরও দু'টি ডোজ নিলে টিকাকরণ সম্পূর্ণ হবে। ভারত বায়োটেক থেকে বলা হয়েছে, করোনা ভাইরাসের ওমিক্রন রূপের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে এই ন্যাসাল ভ্যাকসিন বেশ কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।