
আরাবুল ইসলাম
শেষ আপডেট: 2 July 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: জামিন পেলেন আরাবুল ইসলাম। মঙ্গলবার আরাবুলের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ ভাঙ্গরের তৃণমূল নেতার জামিনের নির্দেশ দিয়েছেন।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ে লাগাতার হিংসার ঘটনা ঘটেছিল। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে খুন হন মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী। সেই ঘটনায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলামের নাম জড়ায়। খুনের অভিযোগ ছাড়াও সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক অভিযোগে ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ।
ধৃত আরাবুল ইসলামের নামে মোট ক'টি মামলা রয়েছে, কলকাতা পুলিশের কাছে জানতে চেয়েছিলেন তাঁর আইনজীবী ফিরোজ এডুলজি। সেই উত্তর মেলেনি বলে দাবি করে, হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের তৃণমূল নেতা। একইসঙ্গে কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন আরাবুল। এর আগে বেশ কয়েকবার হাইকোর্টে জামিনের আবেদন জানান তিনি। অবশেষে আজ, মঙ্গলবার আরাবুলের জামিন মঞ্জুর করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের নামের সঙ্গে জড়িয়ে আছে বহু বিতর্ক। তাঁর বিরুদ্ধে ২০১২ সালে ভাঙড় কলেজে ঢুকে অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারার অভিযোগ ওঠে। সেই সময় কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন আরাবুল। একসময় তাঁকে 'তাজা নেতা' বলেও সম্বোধন করেছিল তৃণূলের আরেক নেতা মদন মিত্র। ২০১৪ সালে আরাবুলকে ৬ বছরের জন্য় বহিষ্কার করেছিল তৃণমূল। কিন্তু দেড় বছরের মধ্য়েই তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়।