দ্য ওয়াল ব্যুরো : বিদ্রোহী নেতা শচীন পাইলট ও তাঁর অনুগামীদের যেন আর কখনই দলে না ফেরানো হয়। রবিবার রাজস্থানে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে এমনই দাবি তুললেন বিধায়করা। যদিও মুখ্যমন্ত্রী অশোক গেহলোট এখনও পর্যন্ত বিদ্রোহীদের সঙ্গে একটা সমঝোতায় আসার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছে।
মরুশহর জয়সলমিরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক বসে। সেখানে নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী শান্তি ধারিওয়াল বলেন, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের আর কখনই ফিরিয়ে নেওয়া উচিত নয়। অপর বিধায়করা একবাক্যে তাঁকে সমর্থন করেন। এআইসিসি-র সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে বলেন, কংগ্রেসে বিদ্রোহ নিয়ে ব্যবস্থা নেবে হাইকম্যান্ড। তবে তিনি নিজে চান, বিদ্রোহীদের যেন আর ফেরানো না হয়।
একটি সূত্রে জানা যায়, অশোক গেহলোট বিধায়কদের বলেছেন, অনেক সময় গণতন্ত্রকে বাঁচানোর জন্য 'দিল পর পাত্থর রাখনা পড়তা হ্যায়'। মুখ্যমন্ত্রীর পরামর্শ, আপাতত বিধানসভার অধিবেশনের ওপরেই বিধায়কদের পূর্ণ মনোযোগ দিতে হবে। অধিবেশন শুরু হচ্ছে ১৪ অগাস্ট। রবিবার অশোক গেহলোট সাংবাদিকদের বলেন, তাঁর আশা বিদ্রোহী ১৯ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠই ফের কংগ্রেসে ফিরে আসবেন। কারণ তাঁরা বুঝেছেন, মানুষ তাঁদের ওপরে অসন্তুষ্ট।
গত ১৩ জুলাই কংগ্রেস পরিষদীয় দল একটি প্রস্তাব পাশ করিয়ে বলে, দলের কোনও নেতা বা বিধায়ক যদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
আসন্ন বিধানসভা অধিবেশনে সম্ভবত আস্থাভোট চাইবেন মুখ্যমন্ত্রী। ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় গরিষ্ঠতা পেতে হলে চাই ১০১ টি আসন। কংগ্রেসের বিধায়কের সংখ্যা এর চেয়ে সামান্য বেশি। বিজেপির বিধায়কের সংখ্যা ৭২। এছাড়া কয়েকটি ছোট দল ও নির্দল বিধায়ক মিলিয়ে বিধানসভায় বিরোধীদের পক্ষে আছেন ৯৭ জন। এছাড়া আছেন ১৯ জন বিদ্রোহী বিধায়ক।
কংগ্রেস থেকে বার বার অভিযোগ করা হয়েছে, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজস্থানে সরকার ফেলতে চান শচীন। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা কংগ্রেস ছাড়ছেন না। দলের নেতৃত্ব পরিবর্তন করাই তাঁদের উদ্দেশ্য। অশোক গেহলোট অভিযোগ করেছেন, বিজেপি টাকা দিয়ে বিধায়ক কিনতে চায়। কংগ্রেসের বহু বিধায়ককে বিপুল অঙ্কের অর্থ দিতে চাওয়া হয়েছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কংগ্রেস বিধায়কদের সঙ্গে ডিল করছেন। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।