
শেষ আপডেট: 26 December 2023 17:29
শাড়ি পরতে যাঁরা ভালবাসেন তাঁদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এ বছর ট্রেন্ডে ছিল কী কী শাড়ি। আর ২০২৩-এ সেরার শিরোপা পাচ্ছে কোন শাড়ি ,সেটা তো জানতেই হবে শাড়িপ্রেমীদের। যদি ইতিমধ্যে তা ওয়ার্ডরোবে স্থান পেয়ে থাকে তাহলে তো বহুত আচ্ছা, নাহলে কিন্তু এই বছর শেষে বেরিয়ে পড়তে হবে শাড়ি শপিংয়ে।
•২০২৩-এ ট্র্যাডিশনাল শাড়িতে কে এগিয়ে?
ট্র্যাডিশনাল শাড়ির একটা স্টেডি বাজার থাকে সব সময়। যেমন বেনারসি, কাঞ্জিভরম, জামদানি, তসর, তাঁত। বিয়ে বা যেকোনও সামাজিক উৎসব অনুষ্ঠানে এইসব শাড়ি চাইই। তবে এর মধ্যেও নতুনত্ব আনার চেষ্টা করেন বুননশিল্পীরা। ২০২৩-এ কী সেই নতুনত্ব জানতে হাজির হয়েছিলাম প্রিয় গোপাল বিষয়ীর গড়িয়াহাটের স্টোরে। জানা গেল, তাঁদের শোরুমে এ বছর বিক্রির দিক থেকে পয়লা নম্বরে রয়েছে সেমি কাতান সিল্ক। কারণ জরি রেশমের কাজ করা এই শাড়ি দেখতে গর্জাস কিন্তু দাম পকেট ফ্রেন্ডলি।
মাত্র দেড় হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে। পিওরয়ের মধ্যে এবার কাঞ্জিভরমের সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছে মাদুরাই সিল্ক আর মালবেরি সিল্ক। ডিজাইনের নতুনত্ব আর হালকা ওজনই এর কারণ বলে মনে করছেন প্রিয় গোপাল বিষয়ীর কর্ণধার সৌম্যজিৎ লাহা। আর কটনে সব থেকে বেশি চাহিদা ছিল বাংলাদেশের তাঁতের। সৌম্যজিৎ জানালেন, 'এক্ষেত্রেও কারণ একই, নকশার নতুনত্ব ও আফর্ডেবল প্রাইস।'
শ্যামবাজারের বেনারসি টেক্সটোরিয়ামে থেকে আরও কিছু তথ্য মিলল।স্টোরের কর্ণধার তাপস বন্দ্যোপাধ্যায়ের মতে ,এবার বিক্রিতে এগিয়ে রয়েছে বেনারসের তসর।
জরিওয়ার্ক, মিনাওয়ার্ক, আজরক প্রিন্টের তসর এবার সবথেকে বেশি নম্বর পেয়েছে মেয়েদের কাছে। সেকেন্ড পজিশনে রয়েছে সাউথের পৈঠানি সিল্ক। উজ্জ্বল রঙ আর রেশম সুতোর মোটিফ খুব পছন্দ করেছেন মেয়েরা। বিয়ের বেনারসিতে অলওভার জরির কাজকে পেছনে ফেলে এগিয়েছে ছোট ছোট মিনা বুটি লাল বেনারসি। আসলে একটু লাইট ওয়েট ছিমছাম বিয়ের শাড়ি চাইছেন আজকের মেয়েরা।
• শাড়ি-গাউনের সঙ্গে টক্করে ইন্দো-ওয়েস্টার্ন শাড়ি
এ বছর ট্রেন্ডিংয়ে ছিল শাড়ি-গাউন। আর এই ট্রেন্ড আগামী বছরে আরও আধিপত্য বিস্তার করবে বলে মনে করছেন সেলিব্রিটি ডিজাইনার অভিষেক দত্ত। অভিষেক বললেন, 'ইয়াং স্টাররা সব সময়েই রেডি টু ওয়ার পোশাক পরতে পছন্দ করে। সিক্স ইয়ারডস শাড়ি ম্যানেজ করার ধৈর্য তাদের নেই। তাই শাড়িকে রিপ্লেস করছে শাড়ি-গাউন। রেডি টু ওয়ার এই ডিজাইনার শাড়িতে প্লিডস আঁচল সবই থাকবে, শুধু লুকটা হবে মড।
এ বছর উইন্টার পার্টিতে ঝড় তুলবে সাইড স্লিট শাড়ি-গাউন।' এই শাড়ির মেটিরিয়ল কী ধরনের জানতে চাইলে ডিজাইনার বললেন, 'একটু ফ্লোয়ি ফ্যাব্রিক হলে প্লিডসের ফল ভাল হয়, আঁচলটাও ক্যারি করতে সুবিধে হয়। তাই জর্জেট, নেট, অর্গেঞ্জা, স্যাটিন সিল্ক, তসর, সিল্ক, চান্দেরি মিক্স ম্যাচ করে তৈরি হচ্ছে শাড়ি-গাউন।'
এ প্রজন্মের মেয়েদের মনের কথা বোঝেন ডিজাইনর ইরানি মিত্র। তাই ইন্দো-ওয়েস্টার্ন শাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে। রেডি টু ওয়ার শাড়িতে ইরানি বিপ্লব এনেছেন বলা যায়। জানা গেল,নানান প্লেসমেন্টে ফ্রিল ব্যবহার করে তৈরি ইন্দো-ওয়েস্টার্ন শাড়ি তাঁর হট কেক সেলিং আইটেম।
তবে এ বছর অর্গেঞ্জার বড় বড় ফ্লাওয়ার বসিয়ে তৈরি পার্টিওয়ার শাড়ি সুপার ডুপার হিট।
• ফিউশন কাঁথা আর রঙিন গরদ হিট লিস্টে!
ডিজাইনার শান্তনু গুহঠাকুরতার মতে, শাড়ির ক্ষেত্রে এই বছরটাকে বাংলার ঐতিহ্যের পুনরুদ্ধারের বছর বলা যায়। বাংলার নকশি কাঁথা ও বাটিক এবার মেয়েরা পছন্দ করেছেন এবং কিনেছেন দু'হাত ভরে। কোনও ক্ষেত্রে ফর্মটা একটু বদল করেছেন শান্তনু বা ডিজাইনের প্লেসমেন্ট চেঞ্জ করেছেন। আর তাতেই এ প্রজন্মের মেয়েরা মজেছেন। কখনও বাটিকে এসেছে হ্যান্ড পেন্টিংয়ের এফেক্ট, কখনও বাটিক আর নকশি কাঁথাকে মিলিয়ে মিশিয়ে একেবারে অন্যরকম শাড়ি তৈরি করেছেন শান্তনু। তবে এ বছর তাঁর সুপার ডুপার হিট ফিউশন নকশি কাঁথা। একটু পাশ্চাত্য ঘেঁষা নকশায় তৈরি কাঁথা কাজের শাড়িগুলোতে আবস্ট্রাক্ট হ্যান্ডপেন্টিংয়ের লুক রয়েছে। এ শাড়ি যে পছন্দ করবেই ইয়াং জেনারেশন তাতে কোনও সন্দেহের অবকাশ নেই।
খাদি সিল্ক এম্পোরিয়াম থেকে প্রায় একই খবর পাওয়া গেল। দক্ষিণাপণ শোরুমের ম্যানেজার অশোক বললেন, 'বাংলার ঐতিহ্য ধরে রেখেছে যেসব শাড়ি তাকেই একটু অন্য ফর্মে তুলে ধরলে মেয়েরা তা ভালবেসে পরছেন। যেমন ধরুন বাংলার গরদ। লাল পাড় সাদা গরদের তো চিরকালীন চাহিদা আছে। কিন্তু এই শাড়ি তো পুজোপার্বণ বা বিশেষ অনুষ্ঠান ছাড়া পরা যায না। খাদির ডিজাইনাররা এই গরদকে রঙিন সুতোয় বুনে একেবারে পার্টি লুক দিয়েছেন। রঙের শেডও একঘেয়ে লাল নীল হলুদ সবুজ নয়, প্যাস্টেল শেডস। আর জরির বর্ডার বুটি আঁচলের কাজও নতুন রকমের। খাদিতে এ বছর কালার্ড গরদ বিক্রির শীর্ষে। 'এছাড়া শান্তিনিকেতনি নকশি কাঁথা শাড়ি, বাটিক সিল্ক ,আজরক প্রিন্ট তসর ও সিল্কের চাহিদা খুব ভাল ছিল বলে জানা গেল।
এ বছরের সুপার হিট শাড়ির লিস্টি তো দিলাম। মিলিয়ে দেখে নিন কোনটা আছে আলমারিতে আর কোনটা নেই। তারপর? বছর শেষে বেরিয়ে পড়ুন শাড়ি বাজারে।