
শেষ আপডেট: 5 April 2023 11:39
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (Bengaluru) সদ্য নির্মিত মেট্রো স্টেশনে বৃষ্টির জল থইথই করছে। ভোগান্তির শিকার যাত্রীরা। অথচ এক সপ্তাহ আগেই এই নব নির্মিত মেট্রো স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন মেট্রো স্টেশনের (Metro Station) এই অবস্থা দেখে স্টেশনের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে।
গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রবল বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। সেই বৃষ্টিতে (rain) নাল্লুরহাটি মেট্রো স্টেশনের এই দশা হয়েছে। প্ল্যাটফর্মে এবং টিকিট কাউন্টারের সামনে জল জমেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
নতুন এই মেট্রো লাইন হোয়াইটফিল্ড থেকে কৃষ্ণরাজাপুরম পর্যন্ত বিস্তৃত। প্রায় ৪,২৪৯ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই স্টেশন। প্রধানমন্ত্রী উদ্বোধনও করেছেন। কিন্তু মানুষের সুবিধার জন্য বানানো হলেও, এই জলযন্ত্রণায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
হোয়াইটফিল্ড রাইজিং নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা, 'একদম নতুন হওয়া নাল্লুরহাল্লি মেট্রো স্টেশনের ভিতরে অবস্থা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মের উপর জল থই থই করছে।' সেখানেই একজন ইউজার লিখেছেন, বর্ষাকাল আসেনি তার আগেই এই অবস্থা। আরেকজন লিখেছেন, পুরোপুরি কাজ শেষ না হওয়ার আগে তাড়াহুড়োয় মেট্রো স্টেশন খুলে দিলে এমন অবস্থাই হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধেয় বৃষ্টিপাতের ফলে শুধু মেট্রো স্টেশনে জল জমেছে তাই নয়, বেঙ্গালুরুতে বিমান পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মোট চৌদ্দটি বিমানের রুট বদল করা হয়েছে এবং বেশ কিছু বিমান দেরিতে ছেড়েছে বলে জানা গেছে।
প্র্যাংক করছিলেন ইউটিউবার, খেপে গিয়ে গুলি চালিয়ে দিলেন যুবক! পেট, লিভার ফুঁড়ে বেরিয়ে গেল