
পুরস্কৃত ৬ পুলিশ কর্তা ও কর্মী।
শেষ আপডেট: 2 November 2024 09:01
দ্য ওয়াল ব্যুরো: গত এপ্রিলে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে সৈকত শহর নিউ দিঘা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত ওই দুই জঙ্গিকে গ্রেফতারের ঘটনায় এবার পূর্ব মেদিনীপুরের ৬ জন পুলিশ কর্তা ও কর্মীকে পুরস্কৃত করল কেন্দ্র। ৬ পুলিশ কর্তা-কর্মীর হাতে তুলে দেওয়া হল ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পুরস্কার ২০২৪’।
২০২৪ সালের ১১ এপ্রিল মধ্যরাতে দিঘায় এনআইএ-র সঙ্গে যৌথ অভিযানে ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর উজ্জ্বল কুমার নস্কর (নন্দকুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক), সাব ইন্সপেক্টর সৌরভ মিত্র, সাব ইন্সপেক্টর দেবনাথ রাজ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শান্তনু নন্দন রাউত, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিংশুক পাইন ও কনস্টেবল অনিমেশ গিরি।
কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমন পুরস্কারের খবর জানানোয় জেলা পুলিশে খুশির হাওয়া। জেলা পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য বলেন, “বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে দিঘা থেকে দুই জঙ্গিকে গ্রেফতারের ঘটনায় জোর ৬ জন পুলিশ কর্তা ও কর্মীকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্র সরকারের এই স্বীকৃতিতে আমরা গর্বিত।"
এসপি আরও বলেন, ২০২৪ সালের ১১ এপ্রিল মধ্যরাতের ওই অভিযানের সামনে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই দক্ষ অফিসার ও কর্মীরা।