
শেষ আপডেট: 14 April 2022 04:43
দ্য ওয়াল ব্যুরো: এবছরের বাংলা নববর্ষে (Bengali New Year) কলকাতা ফের মেতে উঠতে চলেছে। করোনার চোখ রাঙানি কাটিয়ে উঠে ফের নববর্ষ উদযাপনে পথে নামছে মহানগরীর মানুষ। শহরের বুকে আয়োজিত হতে চলেছে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। সেখানে যেমন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি, তেমনই থাকবে খাওয়া দাওয়া, আড্ডা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রাঙ্গণে হতে চলেছে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। শুধু তাই নয়, এক ঐতিহাসিক মিছিলের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা (Kolkata)। সেই মিছিলে হাঁটবেন পড়ুয়ারাও।
দু'দিনব্যাপী কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ভাষা ও চেতনা সমিতির ২৪ তম জাতীয় নববর্ষ উৎসব। নাচ-গান-নাটক-কবিতা-ছবি আঁকা সবে মিলিয়ে জমজমাট উৎসবের মেজাজে থাকবে তিলোত্তমাবাসী। পদযাত্রা, খাওয়া দাওয়া, কেনাকাটার ব্যবস্থাও থাকবে এই উৎসবে। কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে এই অনুষ্ঠান চলবে দু'দিন ধরে।
খাওয়া দাওয়ার মধ্যেও থাকবে চমক। পান্তাভাত, শুঁটকি ও আমপোড়া শরবত দিয়ে শুরু, দুপুরে মাছভাত, আলু, পোস্ত, চাটনি। সবমিলিয়ে করোনার ভয় কাটিয়ে ফের বর্ষবরণের অনুষ্ঠানে মাতবে কলকাতা।
রক্তকরবী-র ৩০ জন শিল্পীর সমবেত সঙ্গীত। খালাপাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নৃত্য। আনুষ্ঠানিক উদ্বোধন। ওই দিন চারটি নাটকও মঞ্চস্থ হবে। সমরেশ বসুর আদাব, ভাষা ও চেতনা সমিতির নাটকের পাঠশালার নাটক কুয়োর পাড়ার গোরুর গাড়ি, বাগুইআটি প্রত্যয়ের নাটক প্রতিকৃতির 'বীরসা মুন্ডার গান'। এছাড়াও থাকবে পণ্ডিত ইন্দ্রজিৎ বসুর বাঁশি। অনুষ্ঠানে আসছেন ত্রিপুরা থেকে তিথি দেববর্মণ, থাকছেন ব্রজগোপাল বাউল, সুপান্ত বসু, মালবিকা চক্রবর্তী, তীর্থ বিশ্বাস সহ বহু শিল্পী। এছাড়াও আম্বেদকার স্মরণ করা হবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০৩ বছর সেই উপলক্ষ্যে নাটকও মঞ্চস্থ হবে। শোভাযাত্রাও হবে। পার্ক স্ট্রিট জাদুঘরের কাছে সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা হবে অ্যাকাডেমি পর্যন্ত।
অন্যদিকে, বর্ষবরণের দিনে একটি মিছিলেরও আয়োজন করা হয়েছে। সেই মিছিলে কোনও রুক্ষভাষী স্লোগান নয়, গিটার গান সহযোগে পরিক্রমা। আগের বছরের মত এবছরের পথে নামছেন কলকাতা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, পড়ুয়াদের মিছিলের নাম 'বাংলা ভাবনা পরিক্রমা'। এই পরিক্রমায় বাংলার ইতিহাসকে ফিরে দেখা হবে। উদ্দেশ কী? বর্তমানের গ্লানিকে মুছে ফেলে ভবিষ্যতের দিকে আলোর দিশা দেখানো। ১৫ এপ্রিল বিকেল চারটে নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বইপাড়া পর্যন্ত পদযাত্রা হবে।