দ্য ওয়াল ব্যুরো: ৮০ বছর বয়সেও সমান সক্রিয় ছিলেন তিনি। কয়েকদিন আগেও যখন তিনি বাড়িতে ছিলেন, খুদেদের টেবল টেনিস শেখানোর কাজে লেগে পড়তেন। বাংলার নামী টি টি কোচ ভারতী ঘোষ অসুস্থ হয়ে শিলিগুড়ির এক বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর মাথায় জটিল অস্ত্রোপচার হয়েছে। তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে, মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে, তাঁকে রাখা হয়েছে আইসিইউ-তে।
পুরো জীবনটাই তিনি অতিবাহিত করেছেন খেলোয়াড় তৈরির কাজে। নিজেও একটা সময় রাজ্য স্তরের খেলোয়াড় ছিলেন। যদিও কোচ হিসেবে বেশি নাম করেছেন। শিলিগুড়িতে তাঁর কোচিং ঘিরে নানা মিথ চালু রয়েছে। তাঁর সুযোগ্য ছাত্রী অর্জুন মান্তু ঘোষ। তাঁকে হাতে ধরে খেলা শিখিয়েছেন। বহু নামী টিটি তারকার জন্ম হয়েছে এই প্রবীণ কোচের হাত ধরে। তিনি নিজের থেকেও টেবল টেনিসকে ভালবাসেন।
রাজ্য সরকার বছর তিনেক আগে ভারতী দেবীকে ক্রীড়াগুরু সম্মানে ভূষিত করেছিল। সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অকুন্ঠ প্রশংসা করেছিলেন এই নামী কোচের। ভারতীদি বলে সম্বোধন করেছিলেন মমতা।
তবে তাঁর জীবনে আক্ষেপ বলতে ছিল সেই ভাবে সমাদর না পাওয়া। বাংলার টি টি কর্তারা তাঁর কেউ খোঁজ রাখেন না। শিলিগুড়িতে দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবই ছিল তাঁর ঠিকানা। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত তিনি খুদেদের নিয়ে পড়ে থাকেন সেই সকাল বেলা থেকেই।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজে করোনায় আক্রান্ত। তাই ভারতী ঘোষের শরীর নিয়ে খোঁজ রাখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি জানিয়েছেন, ভারতীদি-র পাশে রয়েছে রাজ্য সরকার, আমি খোঁজ নিয়ে তাঁর চিকিৎসার বিষয়ে যতটুকু সহায়তা করার চেষ্টা করব।