
শেষ আপডেট: 21 November 2023 15:58
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে নিউটাউনে শুরু হয়ে গেল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। দু'দিনের এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠেছে নিউটাউন।
মঞ্চে হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রয়েছেন দেশ বিদেশের আরও অনেক শিল্পপতি।
সূত্রের খবর, ৭৬০০ কোটির বিনিয়োগের প্রস্তাব নিয়ে শুরু হল এবারের লগ্নি সম্মেলন। রাজ্য সরকার এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম আশা, দু'দিনের সম্মেলন শেষে লগ্নির পরিমাণ আরও বাড়বে। বিনিয়োগের নিরিখে যা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
সম্মেলনে দেশের শিল্পমহলের একাধিক মহাতারকার হাজির থাকার কথা। সূত্রের খবর, দুদিনের শিল্প সম্মেলনে আসতে পারেন হীরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হীরানন্দানি। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং তাঁর পুত্র কর্ণর আসার কথা রয়েছে মেগা এই ইভেন্টে। আদানি গোষ্ঠী তাজপুরের গভীর সমুদ্র বন্দর এবং বীরভূমের দেউচা পাঁচামির খনি প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। মোট ২৮টি দেশের আড়াইশো প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। সবচেয়ে বড় দল ব্রিটেনের।
এদিন সন্ধেয় শুরু হবে বিষয় ভিত্তিক আলোচনা। এবারের সম্মেলনের ফোকাস ক্ষুদ্র ও মাঝারি শিল্প। আলোচ্য বিষয়গুলির মধ্যে রাখা হয়েছে উৎপাদন শিল্প, পরিকাঠানো, কৃষি ও কৃষিজ পণ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট। সম্মেলনে পর্যটনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সম্প্রতি রাজ্য সরকার পর্যটনকে শিল্পের মর্যাদা দিয়েছে।
গত বছরের সম্মেলনে ১৩৭টি আগ্রহপত্র ও সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছিল। ৩.৪২ লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল। সেগুলিতে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল রাজ্য সরকার। এই সব শিল্প প্রস্তাব বাস্তবায়নে এক বছর সময় সমুদ্রের এক বিন্দু জলও নয়। ফলে কত শিল্প প্রস্তাব বাস্তবায়িত হয়েছে সে প্রশ্ন এখনই প্রাসঙ্গিক নয়।
এবারের সম্মেলনে গতবারের থেকে বেশি অঙ্কের বিনিয়োগ প্রস্তাব আসবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্যে ২৬টি প্রস্তাব এসেছে। তাতে ৭৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে।
বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে একটি প্রদর্শনীর আয়োজন করেছে শিল্প নিগম। সেখানে রাজ্যে শিল্পের সম্ভাবনা, পরিকাঠামোর সুবিধা এবং ইতিমধ্যে ঘোষিত শিল্প প্রকল্পগুলি তুলে ধরা হবে।
বাংলার মাটি গান দিয়ে এদিন সূচনা হয় বিশ্ববাণিজ্য সম্মেলনের। মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয় একসঙ্গে গান গাইলেন। তাঁদের সঙ্গে গলা মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।