বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই এলাকা জুড়ে বিক্ষোভকারীদের ভাঙচুরের ছবি ছড়িয়ে পড়ে। জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছয়

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 20 January 2026 12:53
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের বেলডাঙায় টানা দু’দিনের উত্তেজনার (Beldanga unrest situation) জেরে পরিস্থিতি এখনও যথেষ্ট চাপের। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে গত শুক্রবার থেকেই অশান্ত হয়ে ওঠে এলাকা। পথ অবরোধ থেকে শুরু করে এলাকায় ভাঙচুর, ট্রেন থামিয়ে বিক্ষোভ- পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে (Murshidabad violence)। শনিবারও উত্তেজনা কমেনি। পরপর দুদিন আক্রান্ত হন সাংবাদিকরা। শেষ পর্যন্ত পুলিশ পদক্ষেপ নেয় এবং একে একে শুরু হয় গ্রেফতারির পালা। ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এবার পুলিশের জালে এল আরও ৫।
বেলডাঙায় অশান্ত পরিস্থিতি, তৎপরতা বাড়াল পুলিশ
শুক্রবার বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই এলাকা জুড়ে বিক্ষোভকারীদের ভাঙচুরের ছবি ছড়িয়ে পড়ে। জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছয় (Beldanga Protest)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে বিশাল পুলিশবাহিনী। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ নিজে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি সাফ জানিয়ে দেন যে যাঁরা অশান্তি ছড়িয়েছেন, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।
তারপরই শুরু হয় সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া ভিডিও দেখে দোষীদের শনাক্তকরণ। প্রথম দফায় গ্রেফতার হন আইএমআইএম নেতা (MIM leader arrested) এবং বেলডাঙা ১ ব্লকের সভাপতি মতিউর রহমান-সহ একাধিক অভিযুক্ত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফুটেজ দেখে আরও অনেককে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
হাইকোর্টে জনস্বার্থ মামলা
বেলডাঙার এই অশান্ত পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আদালতে এই মামলাগুলির শুনানি হওয়ার কথা মঙ্গলবার অর্থাৎ আজই।
আরও পাঁচজন গ্রেফতার
এরই মধ্যে পুলিশ অশান্তির ঘটনায় যুক্ত আরও পাঁচজনকে গ্রেফতার করেছে (five arrested Beldanga)। ধৃতদের নাম, নূর আলম, রবিউল ইসলাম, নূর আলম মোল্লা, লাদিম শেখ এবং তুফাইল শেখ। পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তাঁদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের বহরমপুর আদালতে তোলা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার নজরদারি
পুলিশ জানিয়েছে, এলাকায় এখনও টহলদারি ও নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনও রকম অশান্তি ঠেকাতে প্রশাসন প্রস্তুত। পাশাপাশি স্থানীয়দের কোনওরকম অশান্তিতে জড়িয়ে না পড়ার বার্তা দেওয়া হয়েছে।