
শেষ আপডেট: 15 March 2022 16:27
দ্য ওয়াল ব্যুরো: করোনার কারণে প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি। তবে করোনার প্রকোপ কমতেই ফের শুরু হয়ে গেল দক্ষিণ কলকাতার অন্যতম ক্ল্যাসিক্যাল ফেস্টিভেলের (Behala Classical Festival) প্রস্তুতি। নয় নয় করে দশ বছরে পা দিতে চলেছে দক্ষিণ কলকাতার বেহালার শ্যামসুন্দর জুয়েলার্স কোম্পানি প্রেজেন্ট ক্ল্যাসিক্যাল ফেস্টিভেল। সঙ্গীতের প্রতি টানে প্রতি বছরই বহু মানুষের সমাগম হয় বেহালার ব্লাইন্ড স্কুল গ্রাউন্ডে। প্রতি বছরের মত এই বছরেও সঙ্গীত জগতের নক্ষত্ররা চারদিনের ক্ল্যাসিক্যাল ফেস্টিভেলে অংশ নেবেন। তাঁদের সুর-তাল-লয়ে চারদিন গমগমে করবে এই চত্বর।
বেহালা সাংস্কৃতিক সম্মিলনী বিগত বছরগুলোর মত এই অনুষ্ঠান আয়োজন করছে। সঙ্গীত জগতের সমস্ত রস উপভোগ করতে মুখিয়ে আছেন সঙ্গীতপ্রেমীরা। ৯ জানুয়ারি থেকে এবছরের অনুষ্ঠান শুরুর ভাবনা থাকলেও বাস্তবে করোনার কারণে তা পিছিয়ে যায়। তবে এবার ফের তোড়জোড় শুরু হয়ে গেল।
১০ বছর আগে বেহালার মানুষের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি টান অনুভব করেই এই ফেস্টিভেলের সূচনা হয়। ২০১৩ সালে প্রথম বছরের অনুষ্ঠানটি উৎসর্গ করেছিল পন্ডিত রবিশঙ্করের উদ্দেশে। ঠিক একবছর আগেই তাঁর মৃত্যু হয়, তাই তাঁকে ঘিরেই অনুষ্ঠান সাজিয়ে তোলে বেহালা সাংস্কৃতিক সম্মিলনী। সেই পথ চলা শুরু।
এই দশম বর্ষে চমক হিসেবে থাকছে ভারতের বিভিন্ন প্রান্তের শাস্ত্রীয় সঙ্গীত উৎসবের প্রতিনিধিদের আহ্বান জানানো হয়েছে। তাঁদের উপস্থিতিতেই এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে আগামী ১৯ মার্চ। সেই তালিকায় আছে সপ্তক উৎসব (আহমেদাবাদ), হরিবল্লভ সঙ্গীত মহোৎসব (জলন্ধর), সঙ্কটমোচন উৎসব (বারাণসী), ডোভারলেন মিউজিক কনফারেন্স (কলকাতা) ও বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভেল (ঢাকা)। এই সব উৎসবের প্রাণ পুরুষদের উপস্থিতি এবারের অনুষ্ঠানকে অন্য মাত্রা দেবে বলে মত, বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর কর্তৃপক্ষের।
এবছরের অনুষ্ঠানটি শিল্পী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশে নিবেদন করা হয়েছে। এই অনুষ্ঠানেই তাঁর স্ত্রীর হাতে মরণোত্তর জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে। আগামী ১৯ মার্চ এই উৎসবের সূচনায় উপস্থিত থাকবেন ওপার বাংলার বেঙ্গল ফাউন্ডেশনের আবুল খয়ের লিটু।
১৯ থেকে ২২ চারদিন ব্যাপী এই অনুষ্ঠান বিকেল ৫:৩০ থেকে এই অনুষ্ঠান শুরু হবে। মাত্র ৬০০ ও ১২০০ টাকার টিকিট মূল্য দিয়েই আপনি চারদিনের সঙ্গীতের আনন্দ উপভোগ করতে পারবেন।

১৯ তারিখের অনুষ্ঠান সূচিতে থাকছে- বিদুষী মঞ্জু মেহেতার সেতার, পন্ডিত অজয় চক্রবর্তীর কন্ঠে সঙ্গীত, পন্ডিত যোগেশ সামশির তবলা, হারমোনিয়ামে রূপশ্রী ভট্টাচার্য।
২০ তারিখের অনুষ্ঠান সূচিতে থাকছে- ধ্রুব সহায়ের সারেঙ্গি, কৌশিকি চক্রবর্তীর গান, সঙ্গতে ওজাস আধিয়া তবলায়। তারপরই বিশ্বমোহন ভাট মোহবীণায় সুর তুলবেন, সঙ্গত দেবেন শুভেন চ্যাটার্জী।
২১ তারিখের অনুষ্ঠান সূচিতে থাকছে- দ্বীপ্তনীল ভট্টাচার্যের সরদ তাঁকে তবলায় সঙ্গত দেবেন আর্চিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছে উস্তাদ শাহিদ পারভেজ খানের সেতার। পন্ডিত তরুণ ভট্টাচার্যের সন্তুরের সঙ্গে রুনু মজুমদারের বাঁশি ও অভিজিৎ ব্যানার্জীর তবলা।
২২ তারিখের অনুষ্ঠান সূচিতে থাকছে- অর্জুন রায়ের গান, হারমোনিয়ামে সনাতন গোস্বামী ও তবলায় গোপাল প্রসাদ দাস। এছাড়াও আকর্ষণের তালিকায় থাকছে পন্ডিত তেজন্দ্র নারায়ণ মজুমদারের সরোদ, পন্ডিত, বিক্রম ঘোষের তবলা, পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি।