.jpeg)
দিলীপ ঘোষ।
শেষ আপডেট: 25 February 2025 12:30
দ্য ওয়াল ব্যুরো: সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়াম থেকে ডাক্তারদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইন্টার্ন, হাউজস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের ১০ হাজার টাকা বেতন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা করে বাড়ানো হবে।
পর্যবেক্ষকদের অনেকের মতে, ছাব্বিশের ভোটের আগে চিকিৎসকদের বেতন বাড়িয়ে বড় মাস্টারস্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে বিরোধীদের চাপ আরও বাড়ল। অন্য রাজ্যের প্রসঙ্গ টেনে ডাক্তারদের একাংশ অবশ্য দাবি করেছেন, অনেক আগেই এই বেতন বাড়ানোর প্রয়োজন ছিল।
বিরোধীরা অবশ্য সোমবারই অভিযোগ তুলেছিল, ডাক্তারদের চুপ করানোর জন্য বেতন বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় চা চক্রে যোগ দিয়ে একই অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
ছাব্বিশের ভোটের আগে বিজেপির চাপ কতটা বাড়ল? দিলীপ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিই হল মানুষকে ঘুষ দেওয়া। তিনি ভাবেন, ডাক্তারদের বেতন বাড়িয়ে দিলে ডাক্তাররা চুপ হয়ে থাকবে। কিন্তু আমার মনে হয় ডাক্তাররা চুপ হয়ে থাকবেন না। বাংলার দশ কোটি লোক চিকিৎসকদের দিকে তাকিয়ে রয়েছেন।"
গত বছরের ৮ অগস্ট গভীর রাতে আরজি করে ডাক্তারি ছাত্রীকে খুন-ধর্ষণের ঘটনা ঘটে। তারপরই সামনে আসে রাজ্যের চিকিৎসা অব্যবস্থা। এর বিরুদ্ধে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সেই থেকে টানা আন্দোলনে নামে জুনিয়র ডাক্তাররা। টানা কর্মবিরতিতে নামেন তাঁরা। বছরের শুরুতে মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ডকে কেন্দ্র করে ফের শোরগোল তৈরি হয়। প্রশ্নের মুখে পড়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। তদন্তে গাফিলতি প্রমাণিত হওয়ায় সুপার-সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ডও করেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, পরিষেবার প্রশ্নে কারও গাফিলতি তিনি বরদাস্ত করবে না। মনে করিয়ে দেন ৮ ঘণ্টা ডিউটির প্রসঙ্গও।
পর্যবেক্ষকদের অনেকের মতে, আরজি কর পরবর্তী সময়ে মেদিনীপুর কাণ্ডকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়া বার্তা সামনে এনেছিলেন তাতে চিকিৎসকদের একাংশও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। ওই অংশকে নিজেদের দিকে টানার চেষ্টা করছিলেন বিরোধীরা। তারই মাঝে শুধু সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসকদের কী অভাব-অনুযোগ রয়েছে তা জানতে সোমবার ধনধান্য স্টেডিয়ামে সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকেই ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি দাবি করেছেন, ছাব্বিশের ভোটে বাংলায় বিরোধী দলের মর্যাদাও থাকবে না বিজেপির। তৃণমূল একাই আড়াইশোর বেশি আসন পাবে। এ প্রসঙ্গে দিলীপ অবশ্য সদ্য সমাপ্ত দিল্লির ভোটের প্রসঙ্গ টেনে এনেছেন। মেদিনীপুরের প্রাক্তন সাংসদের কথায়, "দিল্লিতে এরকম ফল হবে এটা কি কেউ আগে থেকে জানতো? তৃণমূল স্বপ্ন দেখুক, জনতা যা করার করে দেবে।"