
শেষ আপডেট: 2 August 2023 13:12
দ্য ওয়াল ব্যুরো: এতদিন বলা হত, বাড়ির ছাদে বা আনাচে কানাচে জল জমতে দেবেন না। তাতে মশাবাহিত রোগের বিস্তার হতে পারে। কিন্তু জানেন কি, এই জমে থাকা জল দিয়েই এখন তৈরি হচ্ছে সুস্বাদু বিয়ার (beer)? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির জল, ওয়াশিং মেশিন থেকে বেরনো জল-সহ নানারকম অব্যবহৃত জলকে যে এভাবে কাজে লাগানো সম্ভব, তা হয়তো ভাবতেই পারেননি কেউ। কিন্তু সেটাই সত্যি করে দেখিয়েছে এক মার্কিন সংস্থা। তাঁরা এই জলকে (recycled water) কাজে লাগিয়ে তৈরি করেছে নতুন বিয়ার।

এপিক ক্লিনটেক সংস্থার তৈরি ওই বিয়ারের নাম এপিক ওয়ান ওয়াটার ব্রিউ। ওই সংস্থার বিজ্ঞানীদের দাবি, এই বিয়ার সাধারণ পানীয় জলের থেকেও বেশি সুরক্ষিত! এবং সেই প্রমাণও তাঁরা দিয়েছেন। এই প্রথম কোনও সংস্থা অব্যবহৃত জল দিয়ে কোনও পানীয় তৈরি করে ছাড়পত্র পেল সান ফ্রান্সিসকোতে। কারণ, সেদেশে পড়ে থাকা জল দিয়ে কোনও পানীয় তৈরির অনুমতি দেওয়া হয় না।
জানা গিয়েছে, ছাদে জমে থাকা বৃষ্টির জল, বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা অব্যবহৃত জল, ওয়াশিং মেশিন থেকে নির্গত জলকে রিসাইকেল করে, পুনরায় ব্যবহার যোগ্য করেই এই নতুন বিয়ার বানানো হয়েছে। অব্যবহৃত এই জলগুলি যাতে কোনওভাবে ব্যবহার করা যায়, সেই ভেবেই এই প্রচেষ্টা। সূত্রের খবর, ওই সংস্থা নিজেদের তৈরি এই বিয়ারকে সাধারণ পানীয় জলের থেকেও সুরক্ষিত বলে দাবি করেছেন। আর এই কারণেই তাঁরা ছাড়পত্র পেয়েছেন।

এমনিতেই একটা কথা খুব প্রচলিত আছে। তা হল, ‘সেভ ওয়াটার, ড্রিঙ্ক বিয়ার’। যার অর্থ, ‘জল বাঁচান, বিয়ার পান করুন’। সে কথা মাথায় রেখেই হয়তো এই সংস্থার বিজ্ঞানীরা অব্যবহৃত জল দিয়ে বিয়ার তৈরি করলেন। সূত্রের খবর, ৭,৫৭০ লিটার জল পুনর্ব্যবহার যোগ্য করে এখনও পর্যন্ত ৭০০০ ক্যান বিয়ার তৈরি করা হয়েছে। তবে ভারতে কবে এই বিয়ার চালু হবে, তা এখনও জানা যায়নি।
তাইওয়ানে ডিম্বাণু সংরক্ষণ করছেন হাজার হাজার মহিলা, কেন এত হুড়োহুড়ি