
শেষ আপডেট: 24 April 2022 10:03
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জয়ী হলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। বোরিয়া মজুমদারকে (Boria Majumdar) শাস্তি দেওয়া হবে কি না সেই নিয়ে চাপেই ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এবার শাস্তির কোপে পড়তে চলেছেন সাংবাদিক বোরিয়া মজুমদার। ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হুমকি দেওয়ার অপরাধে রোরিয়া মজুমদারকে আগামী দুই বছরের জন্য দেশের কোনও স্টেডিয়ামে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় বোর্ড।
কিন্তু কেন?
ভারতীয় দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধিমান সাহার সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন এই জনপ্রিয় বাঙালি সাংবাদিক। হোয়াটস অ্যাপে মেসেজও করেছিলেন। কিন্তু বোরিয়ার সেই মেসেজের কোনও জবাব আসেনি ঋদ্ধিমানের থেকে।
আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বোরিয়া। তিনি ঋদ্ধিকে সরাসরি হুমকি দিয়ে বলেন, আমি আপনার এই অপমান ভুলব না, সময় মতো তার প্রয়োগ ঘটবে। তিনি আর কোনওদিন ঋদ্ধিমানের সাক্ষাৎকার নেবেন না, সেটিও জানান।
যা নিয়ে কম জলঘোলা হয়নি। ঋদ্ধিমানও সেই জবাব দেন। এই নিয়ে বোর্ডের তরফে বোরিয়াকে তলব করা হয়। সবদিক বিবেচনা করেই ভারতীয় বোর্ড বাঙালি সাংবাদিককে দোষী সাব্যস্ত করে এবং শাস্তি শোনায়। শুধু তাই নয়, আইসিসিকেও চিঠি লিখে বোরিয়াকে 'ব্যাকলিস্ট' করার জন্য আবেদন জানাতে পারে বোর্ড।