
শেষ আপডেট: 3 August 2022 16:54
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ খেলে দেশে ফিরেই রোহিত শর্মারা নেমে পড়বেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Paytm Series)। টি২০ বিশ্বকাপের আগে দুই দলের বিরুদ্ধেই নিজেদের সেরাটা দিতে চাইবে ভারতীয় দল। বুধবার এই দুই দলের বিরুদ্ধে সিরিজের নির্ঘণ্ট ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
সেপ্টেম্বর ও অক্টোবরের এই সিরিজ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে মাঠে নামবেন রোহিতরা। এই সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি২০ ও ওয়ান ডে সিরিজ।
দক্ষিণ আফিকার বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত। পাশাপাশি তিনি ওয়ান ডে ম্যাচের সিরিজও রয়েছে এই সফরে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ।
প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর মোহালিতে। পরের ম্যাচ ২৩ সেপ্টেম্বর নাগপুরে ও শেষ ম্যাচ ২৫ সেপ্টেম্বর হায়দরাবাদে। এই সিরিজ শেষ করেই ভারতীয় দল নামবে প্রোটিয়াদের বিরুদ্ধে। এই সিরিজ শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। তিরুঅনন্তপুরমে হবে প্রথম ম্যাচ। এই সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ হবে ২ অক্টোবর নাগপুরে। এবং সিরিজের শেষ ম্যাচ হবে ৪ অক্টোবর ইন্দোরে।
টি২০ সিরিজ খেলেই ভারত তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই সিরিজ শুরু হবে ৬ অক্টোবর থেকে। প্রথম ম্যাচ লখনউ। দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর হবে রাঁচিতে। এবং সিরিজের শেষ ম্যাচ ১১ অক্টোবর হবে দিল্লিতে।
যদিও কলকাতা তথা গোটা বাংলার জন্য আফসোস থেকেই যাচ্ছে। গোটা সিরিজে একটা ম্যাচও নেই ইডেনে। এবারও ম্যাচ পেল না ক্রিকেটের নন্দন কানন। যদিও অনেকেই মনে করেছিল একটি ম্যাচ ইডেন পাবে কিন্তু সেই আশায় জল পড়ে গেল। যদিও সিএবি কর্তারা এখনও চেষ্টা চালাচ্ছেন পুজোর আগে একটি ম্যাচ ইডেনে পাওয়ার জন্য।
লড়াইয়ের ‘অন্য কাহিনি’ লিখলেন কার্তিকেয়, ৯ বছর পরে মায়ের সঙ্গে দেখা! মন্ত্রমুগ্ধ ক্রিকেট দুনিয়া