ফাইল ছবি
শেষ আপডেট: 27 November 2024 11:52
কলকাতা ব্যুরো: মঙ্গলবার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টরের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। এবার চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার করা হল বাসুদেব বাগচী ও অভিক বাগচীকে। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। বুধবারই দুজনকে আদালতে তোলা হবে বলে খবর।
অভিযোগ, আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার কারণেই গ্রেফতার করা হয়েছে দু'জনকে। আজ আদালতে তোলা হবে তাঁদের।
চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে মঙ্গলবার সকালে এদিন কলকাতা ও শহরতলির অন্তত ৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। অভিযোগ, এর আগে ২০১৭ সালে ওড়িশায় দায়ের হওয়া মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছিলেন প্রয়াগ গ্রুপের কর্ণধাররা। বর্তমানে জামিনে মুক্ত ছিলেন তাঁরা। কিন্তু এবার তাঁদের গ্রেফতার করল ইডি।
অভিযোগ, বিভিন্ন বেআইনি স্কিমের টোপ দিয়েই সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১৯০০ কোটি টাকা তুলেছিল প্রয়াগ গ্রুপ। আমানতকারীদের এই বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। তারপরই ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করা হল। শুধু বাংলাতেই নয়, ওড়িশা, অসম, ত্রিপুরা সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে রয়েছে প্রয়াগ গ্রুপ।
২০১৩ সালে সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরে প্রয়াগ নামক এই ভুয়ো অর্থ লগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে। প্রায় দু'হাজার কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে তুলে নেওয়া হয়। ২০১২ সালে একাধিক হোটেল রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায়।
চলতি মাসের ২ তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় গতকাল অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারীদের বিশেষ দল।