
শেষ আপডেট: 29 February 2024 18:23
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি মামলায় গ্রেফতার হওয়ার ১৭ দিন পর গত মঙ্গলবার শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় বিচারপতি জয়মাল্য বাগচি ও গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে বসিরহাটের এসপি। রিপোর্ট পাওয়ার পর নিরাপদ সর্দারের অন্তর্বর্তী জামিন বহাল রেখেছে আদালত।
বসিরহাটের এসপি আদালতে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে, পোল্ট্রি ফার্মে আগুন ধরানো হয়। কিন্তু কোনও প্রাণহানি হয়নি। তাই হেফাজতে রেখে তদন্তের প্রয়োজন নেই। এরপরই নিরাপদ সর্দারের ক্ষেত্রে আগের জামিনের নির্দেশ বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যেই নিরাপদকে মুক্তি দিতে হবে। নির্দেশ না মানলে তা আদালত অবমাননার সামিল হবে। তবে নির্দেশ মেনেই প্রাক্তন সিপিএম বিধায়ককে ছেড়ে দেওয়া হয়।
সন্দেশখালি কাণ্ডে ফেরার শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন বাম নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ জানায় বাম নেতার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। নিরাপদ সর্দারের অভিযোগ দায়েরের তারিখ ও এফআইআর-এর তারিখ নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়। মঙ্গলবার তা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে রীতিমতো তুলোধনা করে। শাহজাহানের গ্রেফতারির পরে সাংবাদিক বৈঠকে এসে রাজ্য পুলিশের এডিজি দাবি করেন, “এটা অনিচ্ছাকৃত। হিউম্যান এরর। এর মধ্যে কোনও অসৎ উদ্দেশ্য বা অভিসন্ধি ছিল না। তার সপক্ষে আমাদের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।”
শাহজাহান ধরা পড়ার পর ফের মুখ খুলেছেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। তিনিই বার বার অভিযোগ করেছিলেন যে শেখ শাহজাহান সন্দেশখালিতেই আছেন। তাঁকে আড়াল করে রাখছে শাসক দল। নিরাপদ এদিন আবারও বলেন, “আমি বারে বারে বলেছি শেখ শাহজাহান কোথায় আছে। তৃণমূল তাদেরকে গার্ড করেছে। পুলিশ তাদের পাহারা দিয়েছে। আজকে যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন চাপে পড়ে ধরিয়ে দিয়েছে।”