
শেষ আপডেট: 13 February 2024 19:54
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রর চেহারা নিয়েছিল বসিরহাট। অভিযোগ, পুলিশি আক্রমণের মুখে পড়েন দলের খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ কর্মীরা।
এরই প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে প্রত্যেক এসপি অফিস, পুলিশ কমিশনারেটের অফিস ঘেরাও এবং বিক্ষোভ দেখাবে বিজেপি।
মঙ্গলবার সন্ধেয় এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বারাকপুরের বাড়িতে গণেশ পুজোয় যোগ দিতে এসেছিলেন শুভেন্দু। সেখানেই এই কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি।
শুভেন্দু বলেন, "মঙ্গলবার বসিরহাটে যেভাবে সুকান্ত মজুমদার-সহ তাঁর নিরাপত্তারক্ষীদের ওপর এবং বিজেপি কর্মীদের ওপর পুলিশ আক্রমণ করেছে তার প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে প্রতিটি এসপি অফিস এবং পুলিশ কমিশনারেটে বিক্ষোভ দেখাবেন বিজেপি কর্মীরা।" বাংলায় আইনের শাসন নেই বলেও এদিন অভিযোগ করেন শুভেন্দু।
সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহান ও শিবু হাজরার গ্রেফতার এবং সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার আহবায়ক বিকাশ সিংহের নিঃশর্তে মুক্তির দাবিতে মঙ্গলবার পৃথকভাবে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেয় সিপিএম ও বিজেপি। পরিস্থিতি বিচার করে গোটা এলাকা ১৪৪ ধারা জারি করা হয়। বসিরহাটের সংগ্রামপুরে এসপি অফিসের থেকে ৫০০ মিটার দূরে উভয় দিকেই ব্যারিকেড দিয়ে রাখা হয়। ইছামতি নদীর ওপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ টপকে কোনওভাবেই ব্যারিকেড ভেঙে যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে সেই ব্যবস্থা করে প্রশাসন।
পুলিশের বাধা এড়াতে কৌশল নেয় বিজেপি। সড়কপথে না গিয়ে মঙ্গলবার লোকাল ট্রেনে করে সন্দেশখালি রওনা হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুপুর ১টা নাগাদ নিরাপত্তারক্ষী-সহ শিয়ালদহ হাসনাবাদ শাখার হৃদয়পুর স্টেশন থেকে বসিরহাট লোকালে ওঠেন সুকান্ত মজুমদার। হৃদয়পুর স্টেশন নেমে সেখান থেকে মোটরবাইকে রওনা হন। বসিরহাটে পৌঁছে পরের পর ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন বিজেপির কর্মীরা। তবে এসপি অফিসের বেশ কিছুটা দূরেই রুখে দেওয়া হয় তাঁদের।
সুকান্ত মজুমদার অভিযোগ করেন, শুধু পুলিশ নয়, তাঁদের রুখতে পথে নামে তৃণমূলও। উঁচু বাড়ির ছাদ থেকে তারা বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ে। তাঁদের বেশ কয়েকজন কর্মী রক্তাক্ত হন। পুলিশের বাধায় এগোতে না পেরে শেষ পর্যন্ত রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।