
শেষ আপডেট: 1 March 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গত দু'মাস ধরে উত্তপ্ত সন্দেশখালি। তার সঙ্গে উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছিল বসিরহাটও। এবার বসিরহাট পুলিশের একাধিক পদে রদবদল ঘটানো হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবার বসিরহাটের আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে বদলি করে সিআইডিতে পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় আনা হচ্ছে পূর্ব বর্ধমানের সিআই রক্তিম চট্টোপাধ্যায়কে।
প্রশাসনিক দিকটি আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত বলে খবর পুলিশমহলের। সন্দেশখালি কাণ্ডের তদন্তের সুবিধার্থেই এই রদবদল করা হয়েছে। যদিও বসিরহাট পুলিশের দাবি, এটা শুধুই রুটিন বদলি। এর চেয়ে বেশি কিছুই নয়।
তবে সংশ্লিষ্ট ক্ষেত্রের পর্যবেক্ষকরা সেই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি, আইসি-র বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিরাপদ সর্দার ও বিকাশ সিংয়ের গ্রেফতারি একটি বড় ইস্যু। নিরাপদ সর্দারের গ্রেফতারির ক্ষেত্রে এফআইআরের তারিখের মধ্যে গরমিল ছিল। অভিযোগ দায়ের হওয়ার আগেই বাম নেতাকে গ্রেফতার করা হয়। হাইকোর্টে বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়তে হয় বসিরহাট পুলিশকে। এরপরেই তাঁদের ভুল স্বীকার করে বসিরহাট থানার প্রতিনিধিরা।