দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের ওপর থেকে লাফ দিয়েছিলেন বেস জাম্পার। খানিকটা নামতেই কথামতো খুলে গেল প্যারাস্যুট। কিন্তু বিপত্তি তার খানিক পরেই। পাহাড়ের গায়ে আটকে গেল প্যারাস্যুটের কাপড়। ফলে মাঝপথে ঝুলে রইলেন অভিযাত্রী।
সোমবার এমনই একটি ঘটনা ঘটেছে থাইল্যান্ডের খাও ওক থালু মাউন্টেনে। অস্ট্রিয়ার বেস জাম্পার অভিযাত্রী জোহানেস ক্লসার প্যারাস্যুট পিঠে বেঁধে ঝাঁপ দিয়েছিলেন পাহাড় থেকে। মাটিতে নামার প্রায় ৬০০ ফুট উঁচুতে আটকে যায় তাঁর প্যারাস্যুট। এমনটাই জানিয়েছেন আপিসাক রাটচাকওয়ান। তিনিই ড্রোন ক্যামেরা অপারেট করে ছবি তুলছিলেন জোহানেসের।
শেষমেশ পরিত্রাতা হিসেবে জোহানেসের কাছে পৌঁছন থাইল্য়ান্ডের এক পর্বতারোহী। তিনি পাহাড়ের গা বেয়ে দড়ি নিয়ে নেমে আসেন জোহানেসের কাছে। পাহাড়ের কাঁজ থেকে ছাড়িয়ে দেন প্যারাস্যুটের কাপড়। তার পরেই মুক্ত হয়ে নীচে নামতে পারেন জোহানেস।
দেখুন হাড় হিম করা ভিডিও।
https://www.youtube.com/watch?v=3OAgQNdrm3w
থাইল্যান্ডের ওই পাহাড় বেস জাম্পারদের অভিযানের জন্য সুপরিচিত। সারা বছরই বিশ্বের নানা প্রান্ত থেকে বহু পর্যটক আসেন বেস জাম্পিং করতে। কিন্তু এমন দুর্ঘটনা কখনও ঘটেনি এর আগে।