
শেষ আপডেট: 22 September 2022 12:27
দ্য ওয়াল ব্যুরো: ‘পেসিএম!’ ই–ওয়ালেটের কিউআর স্ক্যানকোড, তার নীচে মুখ্যমন্ত্রীর ছবি। এবং লেখা এখানে ৪০ শতাংশ নেওয়া হয়। এরকম পোস্টারে ছেয়েছে কর্নাটক। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) ছবি দিয়ে ওই পোস্টার নিয়ে ইতিমধ্যেই হই হই শুরু হয়েছে। পেসিএম, অর্থাৎ বোঝানো হয়েছে সিএমকে পেমেন্ট করুন।
ই–ওয়ালেটের আদলে তৈরি ওই পোস্টারে (Karnataka) বিজেপির বিরুদ্ধে ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে ওই প্রচার শুরু করেছে কংগ্রেস। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগেও ওই প্রচার।
পোস্টারের নীচে কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি একটি টোল-ফ্রি হেল্পলাইন (844 770 40 40) নম্বরও দিয়েছে। রয়েছে www.40percentsarkara.com ওয়েবসাইটও। যাতে লোকজন লগ ইন করে সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।
একটি সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা ডি কে শিবকুমার এবং সিদ্ধারামাইয়া বিজেপির দুর্নীতির বিরুদ্ধে একটি ভিডিও প্রচার শুরু করেন। এবং বিজেপিকে ৪০ শতাংশ কমিশনের সরকার বলে আক্রমণ করা হয়। তবে সরকারের তরফে পোস্টারগুলি খুলে ফেলা হয়েছে।
‘এক ব্যক্তি এক পদ’ নীতিতে অবিচল রাহুলও, বার্তা গেহলটকে, খুশি সচিন শিবির