
শেষ আপডেট: 8 March 2024 20:15
সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী
যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এমনই জলন্ত দৃষ্টান্ত উদাহরণ বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল। এই পঞ্চায়তে অধীনে প্রায় ৪ লক্ষ মানুষের বাস। ঘরকন্যা সামলে নিঁখুতভাবে পঞ্চায়েত সমিতির কাজ সামলাচ্ছেন প্রিয়াঙ্কা। এলাকার মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন।
বাসন্তী ব্লকের ঝড়খালির বাড়িতে স্বামী ও ছেলে-মেয়ে নিয়ে তাঁর ভরা সংসার। দুই সন্তানই বেশ ছোটো। ছেলের বয়স ৬, মেয়ে বয়স সবেমাত্র ১৫ মাস। গত পঞ্চায়েত নির্বাচনে এককভাবে ৩৭ টি আসনে জয়লাভ করে তৃণমূল। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে নাম ঘোষণার পরে অনেকেই ভেবেছিলেন কোলের শিশুকে বাড়িতে রেখে কীভাবে দায়িত্ব সামলাবেন প্রিয়াঙ্কা! নিজের বুদ্ধিবলে কয়েকদিনের মধ্যে সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন তিনি। কোলের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে দফতরে বসে পরিষেবা দিয়ে চলেন। প্রতিদিনই গৃহস্থের সমস্ত কাজ সেরে মেয়েকে নিয়ে দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার পথ পরিয়ে নিজের দফতরের আসেন। ধৈর্য্য ধরে শোনেন সকলের অভাব অভিযোগ।
কীভাবে সম্ভব এতকিছু সামলান? তার জবাবে হাসি মুখে প্রিয়াঙ্কা বলেন, "একজন মা জানেন সন্তানকে কীভাবে লালন-পালন করতে হয়। আমি তো একজন মা। ফলে আমার পক্ষে সবই সম্ভব। তারপর সমস্ত ব্যস্ততার মধ্যে আমি যে সঠিক ভাবে পরিষেবা দিতে পারছি কিনা, তা সাধারণ মানুষ ভালও বলতে পারবেন।"
মহিলা সভাপতি সম্পর্কে সহ-সভাপতি আতিয়ার রহমান মোল্লা বলেন, " যেভাবে রাজ্যের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাল দিচ্ছেন। তাঁর অনুপ্রেরণায় সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল কাজ করছেন।"
পঞ্চায়েতে সমিতির দুই সদস্য নিমাই মালি ও দিলীপ নস্কর বলেন, "যতই বাধা বিপত্তি আসুক না কেন, একমাত্র মায়েরাই পারেন তাঁর সন্তান কে লালন-পালন করে বড় করতে। তেমনি প্রিয়াঙ্কা মণ্ডল নিজের ১৫ মাসের শিশুকন্যাকে সঙ্গে রেখে পঞ্চায়েত সমিতির দায়িত্ব সামলাচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবসে তাঁকে কুর্ণিশ জানাতেই হয়।"