
শেষ আপডেট: 16 December 2023 16:01
দ্য ওয়াল ব্যুরো: শীতকালীন অধিবেশন চলাকালীন গত বুধবার সংসদ ভবনে আচমকাই ঢুকে পড়েন দুই যুবক। গ্যালারি থেকে সরাসরি লাফ মারেন তাঁরা। সংসদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন হলুদ ধোঁয়া। বাইরে দাঁড়িয়ে স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদের আরও দুই সঙ্গী। নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিলেন সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলম ও আলম। সংসদে এহেন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। চলছে শাসক-বিরোধীদের বিস্তর কাটাছেঁড়া। কিন্তু নিরাপত্তার বেড়াজাল টপকে ঠিক কীভাবে সংসদে কর্মকাণ্ড চলল? সেই তথ্যই তুলে ধরেছেন ঘটনার অন্যতম সাক্ষী বারাকপুরের সাংসদ অর্জুন সিং।
শুধু সাক্ষীই নন, অর্জুনই সেই ব্যক্তি, যিনি দুই যুবকদের মধ্যে একজনকে অনায়াসেই ধরে ফেলেছিলেন। সংসদ ভবন যখন ক্যানিস্টারে ঢেকে গিয়েছিল, ছোটাছুটি করছিলেন সাংসদরা, ঠিক তখনই কী করেছিলেন ‘দাবাং’ সাংসদ? সেদিনের ঘটনার বর্ণনা দিলেন অর্জুন সিং।
রাজনীতির পাশাপাশি অর্জুন নিয়মিত শরীরচর্চা, আত্মরক্ষার অনুশীলনও করেন। তবে তা যে শুধু খাতায় কলমে নয়, তাই সংসদে ঘটনার দিন সামনে আসে। রীতিমতো তাঁর যে শরীরচর্চায় প্রশিক্ষণ রয়েছে তার প্রমাণও দিয়েছেন অর্জুন। সাংসদ জানিয়েছেন, পিছন থেকে ওই যুবককে জাপটে ধরে মাটিতে ফেলে দেন তিনি। আর তাতেই তাঁর অর্ধের কাজ হয়ে যায়। তবে স্মোকড বোমের বদলে অন্য কিছু হলে ১০-১২ জন সাংসদের প্রাণ যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সংসদে অর্জুনের সিট নম্বর ৩৪৯। ওই ব্লকের ওপরেই দর্শকদের আসন। কিন্তু সংসদের রংকাণ্ডের দিন তিনি নিজের নির্দিষ্ট আসনে বসেননি। অর্জুন জানিয়েছেন, ওইদিন তিনি ৩৫৩ আসনে বসেন। খগেন মুর্মু জিরো আওয়ার্সে বলার সময়ে আচমকাই একটা বিকট আওয়াজ শুনতে পান। পরক্ষণেই এক যুবককে লাফ মেরে পড়তে দেখে অর্জুন তাঁকে ধরতে এগিয়ে যান। সাংসদ জানিয়েছেন, রাজস্থানের একজন সাংসদ হনুমান বেনিওয়াল এক যুবককে জাপটে ধরেছিলেন। সেসময়ে অর্জুন তাঁর ৩৫৩ সিটের পিছনে আরেক যুবককে শ্লোগান দিতে শোনেন, ‘তানাশাহি নেহি চলেগা’। তখনই শুরু হয় 'দাবাং অ্যাকশন’।
নিজে যতই 'কেরামতি' দেখাক না কেন, সংসদে যে ‘নিরাপত্তায় খামতি তো ছিলই’ তা এককথায় স্বীকার করেছেন অর্জুন। জুতোর মধ্যে কীভাবে স্মোকড বোমা নিয়ে ঢুকলেন যুবকেরা? ভেবেই বিস্মিত হয়েছেন তিনি। এই ঘটনায় মাস্টারমাইন্ড ললিত ঝা-র সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে বাংলার। যা নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। তবে সংসদের ঘটনার সঙ্গে রাজনীতিকে না জড়িয়ে নিরাপত্তার খামতিকেই জোর দিয়েছেন অর্জুন সিং।