
শেষ আপডেট: 30 November 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কিরণ রাওয়ের লাপাতা লেডিস ছবিটি মনে আছে? হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে ছবি নিয়ে পথে পথে ঘুরছিলেন স্বামী। বর্ধমানে নিখোঁজ স্বামীকে খুঁজতে বছর তিনেকের মেয়েকে সঙ্গী করে পথে-পথে ঘুরছেন অসহায় স্ত্রী। বিভিন্ন দোকানে ছবি দেখিয়ে স্বামীকে খোঁজার চেষ্টা করছেন কালনার বাঘনাপাড়ার পাতাইগাছি এলাকার বাসিন্দা পিংকি ঘোষ।
ইতিমধ্যেই কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পিঙ্কি। তবে থানা থেকে ঠিক মতো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ ওই বধূর। কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তাঁর স্ত্রী এবং তার শিশুকন্যাকে নিয়ে বাঘনাপাড়ার পাতাইগাছি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। পিঙ্কি জানান, গত ২৪ নভেম্বর লরিচালক সুভাষ ঘোষ অন্যদিনের মতোই কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে স্ত্রীকে ফোন করে জানান, তিনি আটকা পড়ে গেছেন। তাকে নিয়ে যেতেও বলেন। এরপরেই ফোনটি কেটে যায়। তারপর থেকেই ফোন বন্ধ হয়ে যায়।
গত ২৫ তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেন পিংকি। কিন্তু কালনা থানার পুলিশ তাঁকে ঠিক মতো সাহায্য করছে না বলে জানান তিনি। তাই শনিবার বাধ্য হয়ে স্বামীর ছবি দেখিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে বাজারে বাজারে স্বামীর খোঁজ করছেন ওই বধূ। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী জানান, মিসিং ডায়েরি হয়েছে, পুলিশ তদন্তও শুরু করেছে। সবরকম সূত্র ধরেই খোঁজ চালানো হচ্ছে।