
শেষ আপডেট: 4 August 2022 09:15
দ্য ওয়াল ব্যুরো: ছাদ পরিষ্কারের কাজ করছিলেন দুই ভাই (Two Brothers)। একজন ছিলেন ছাদের উপর। আর একজন ছিলেন নীচে। নীচ থেকেই পাইপ দিয়ে একতলার ছাদে জল দিচ্ছিলেন তিনি। আর সেই সময় ঘটল ভয়ানক অঘটন।
ছাদ থেকে আচমকা পা ফসকে পড়ে যান এক ভাই। কিন্তু রাখে হরি মারে কে! তাঁর গায়ে একফোঁটা আঘাতও লাগেনি। কারণ ছাদ থেকে পড়ে যেতে দেখে ভাইকে লুফে নিয়েছেন দাদা। দুরন্ত সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) মালাপ্পুরম জেলায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি বাড়ির নীচ থেকে পাইপের মাধ্যমে ছাদের দিকে জল দিচ্ছেন একজন। হঠাৎ সেই ছাদ থেকে উল্টে পড়ে যান এক যুবক। তাঁকে পড়তে দেখে সঙ্গে সঙ্গেই সাবধান হয়ে যান নীচে দাঁড়িয়ে থাকা তাঁর দাদা। মুহূর্তের মধ্যে ভেবে ফেলেন তাঁকে কী করতে হবে। সেই মতো ভাইকে লুফে নেওয়ার জন্য হাত বাড়ান তিনি। তারপর যা হওয়ার তাই হয়। ছাদ থেকে হুড়মুড়িয়ে দাদার ঘাড়েই পড়েন ভাই। দুজনেই মাটিয়ে পড়ে যান।
তবে কারও গুরুতর চোট লাগেনি। যিনি ছাদ থেকে পড়েছিলেন তাঁর প্রায় কিছুই হয়নি। যিনি তাঁকে লুফে নিয়েছেন বরং তাঁর মাটি থেকে উঠে দাঁড়াতে কিছুটা সময় লেগেছে, ভাইয়ের সমস্ত ওজন তাঁর উপরেই পড়েছিল।
তবে দুই ভাই সুস্থই আছেন। একতলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুর আশঙ্কা হয়তো ছিল না। তবে হাত-পা ভাঙতেই পারত। বড়সড় বিপদের হাত থেকে এভাবেই ভাইকে বাঁচিয়ে দিয়েছেন দাদা।
আরও পড়ুন: দু’মাস বাড়ি ফেরেননি আড়ংঘাটার স্বর্ণ ব্যবসায়ী, কলকাতায় আসার পর থেকেই নিখোঁজ