দ্য ওয়াল ব্যুরো: রিকশা চালান (rickshaw puller) প্রতাপ সিং। উত্তরপ্রদেশের মথুরার বাকলপুরের অমর কলোনির এই বাসিন্দার রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে আয়কর দপ্তর (income tax department)। ৩ কোটির টাকার ওপর দিতে হবে বলে আয়করের নোটিস (notice) পেয়ে হতভম্ব প্রতাপ রবিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। হাইওয়ে থানায় জালিয়াতির (fraud) অভিযোগ দায়ের করেছেন তিনি। স্টেশন হাউস অফিসার অনুজ কুমার জানিয়েছেন, প্রতাপের অভিযোগের ভিত্তিতে কোনও মামলা দায়ের হয়নি বটে, তবে পুলিশ (police) বিষয়টি অনুসন্ধান করে দেখছে।
প্রতাপ সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ আপলোড করে কী হয়েছে, বিস্তারিত জানিয়েছেন। তাঁর বক্তব্য, ব্যাঙ্ক থেকে তাঁর কাছে প্যান কার্ড চাওয়া হলে তিনি গত ১৫ মার্চ বাকলপুরে জনৈক তেজপ্রকাশ উপাধ্য়ায়ের জন সুবিধা কেন্দ্রে গিয়ে প্যান কার্ডের আবেদন করেন। এরপর তিনি একটি রঙিন প্যান কার্ডের ফটোকপি পান বাকলপুরের জনৈক সঞ্জাই সিংয়েক কাছ থেকে। কিন্তু নিরক্ষর হওয়ায় আসল প্যান কার্ড ও তার রঙিন ফটোকপির ফারাক বুঝতে পারেননি বলে ভিডিও ক্লিপে জানান প্রতাপ। আসল প্যান কার্ড পেতে প্রায় তিন মাস জুতোর শুকতলা ক্ষয়ে যায় তাঁর। এর মধ্যেই গত ১৯ অক্টোবর ইনকাম ট্যাক্সের ফোন পান। তাঁকে নোটিস পাঠিয়ে বলা হয় ৩ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৮৯৬ টাকা দিতে হবে।
তিনি জানিয়েছেন, আয়কর কর্তারা বলেছেন, কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর নাম ভাঁড়িয়ে প্রতাপ সিং পরিচয়ে জিএসটি নম্বর বের করে নিয়েছে ব্যবসা করার জন্য। ২০১৮-১৯ এ সেই ব্যক্তির ব্যবসার টার্নওভার ছিল ৪৩ কোটি ৪৪ লাখ৩৬ হাজার ২০১ টাকা। যার পুরো দায়টাই এসে পড়েছে ছোপোষা এই রিক্সাচালকের ঘাড়ে।