দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের কয়েক মাস বাকি থাকতেই উত্তরপ্রদেশ (uttar pradesh) উত্তপ্ত হতে চলেছে অখিলেশ সিং যাদবের (akhilesh) মহম্মদ আলি জিন্না (jinnah) সংক্রান্ত মন্তব্যে। হরদৌইয়ে গত সপ্তাহে সমাজবাদী পার্টি (সপা) প্রধান পাকিস্তানের প্রতিষ্ঠাতার নাম সর্দার প্যাটেল, মহাত্মা গাঁধীর সঙ্গে উচ্চারণ করে বিতর্কে জড়ান। অখিলেশ বলেন, সর্দার প্যাটেল, মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, জিন্না একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে ব্যারিস্টার হন। তাঁরা ভারতের স্বাধীনতা অর্জনে সাহায্য করেন, কখনও সংগ্রামের পথ থেকে দূরে থাকেননি। পাকিস্তানের প্রতিষ্ঠাতার নাম করায় অখিলেশকে একহাত নিয়ে উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্ল তাঁর নার্কো টেস্টের (narco test) দাবি করলেন। অভিযোগ, জিন্নাকে মহিমান্বিত করেছেন সপা প্রধান।
যোগী আদিত্যনাথের মন্ত্রীর (minister) দাবি, ভারত বিভাজনের (division) জন্য দায়ী জিন্নাকে দেখতে বা তাঁর নাম শুনতে চান না কোনও ভারতীয়। শুক্ল বলেন, এটা কোনও স্বাভাবিক ব্যাপার নয়। সপা নেতার বলা উচিত, কেন, কোন পরিস্থিতির চাপে, কীসের লোভে উনি জিন্নার গুণগান করলেন! আমি চাই, অখিলেশ এগিয়ে এসে নিজের নার্কো টেস্ট করেন। যারা জিন্নার প্রশংসা করবে, তাদের পাকিস্তানে যাওয়া উচিত, বলেন তিনি। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পিছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের আর্থিক মদত আছে বলে অভিযোগ তোলার কয়েকদিন পরই একথা বললেন বিজেপি নেতাটি।
এদিকে যোগীর মন্ত্রী অখিলেশের নার্কো টেস্ট চাওয়ায় ক্ষুব্ধ সপা নেতা, কর্মীরা জেলা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান, মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি তোলেন। তাঁর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে শুল্ককে বালিয়ায় ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সপার জেলা ইউনিট সভাপতি মঙ্গল যাদব।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য, অখিলেশের জিন্নার নাম করা বা পাল্টা বিজেপি মন্ত্রীর তাঁর নার্কো টেস্টের দাবি তোলা-সব কিছুর পিছনে অঙ্ক একটাই, ধর্মীয় মেরুকরণ সুসংহত করে ভোটবাক্সে ফায়দা তোলা।