দ্য ওয়াল ব্যুরো: ২০২১ এর বিধানসভা ভোটের ইস্তাহারে ডিএমকে (dmk)নারী উন্নয়ন (women empowerment) , সুরক্ষায় স্কিম চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। এবার তার রূপায়ণ শুরু করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (stalin)। সরকারি চাকরিতে (government jobs) মহিলা সংরক্ষণ (women reservation) ৩০ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করলেন তিনি। লিঙ্গ সমতা (gender equality) বজায় রাখতে গেলে সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণ বাড়ানো জরুরি বলে বিধানসভায় সিদ্ধান্তটি ঘোষণা করে অভিমত জানান রাজ্যের অর্থ ও মানবসম্পদ পরিচালনমন্ত্রী পালানিভেল থিয়াগা রাজন। পাশাপাশি চলতি কোভিড ১৯ মহামারীর কারণে রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২ বছর বাড়ছে বলেও ঘোষণা করেন তিনি। সরকারি চাকরিতে মহিলাদের সংখ্যা এখন বেশ ভাল বলে দাবি করেন জনৈক সরকারি অফিসার। জেনারেল ক্যাটেগরিতে মেধার ভিত্তিতেও মহিলারা চাকরি চাইবেন, বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কোটা সিস্টেমের অর্থ এটা নয় যে, পুরোটা বাস্তবে কার্যকর হবে।
রাজ্যের কর্মীনিয়োগ, প্রশিক্ষণ দপ্তরের ২০১৭-১৮ সালের পরিসংখ্যানে প্রকাশ, তামিলনাড়ুতে সরকারি, সরকার অধিগৃহীত সংস্থা, স্থানীয় প্রশাসনে কর্মরত প্রায় ৮ লাখ ৮০ হাজার কর্মীর মধ্যে মহিলা ২.৯২ লাখ অর্থাত্ ৩৩ শতাংশ মহিলা।
বিধানসভায় ডিএমকে সরকার কোভিড ১৯ এ অভিভাবকহারা সন্তানদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথাও ঘোষণা করে। রাজ্য সরকারি স্কুলে পড়াশোনা করেছেন, প্রথম প্রজন্মের পড়ুয়া যাঁরা, তাঁরাও অগ্রাধিকার পাবেন। রাজ্য সরকার বা তার অধিগৃহীত সংস্থার নিয়োগের পরীক্ষায় তামিল পেপার বাধ্যতামূলক করা হচ্ছে।
নির্বাচনী ইস্তাহারে সরকারি চাকরিতে তামিলনাড়ুর বাসিন্দাদের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিল স্ট্যালিনের দল। বলেছিল, মহিলাদের উপকার হয়, এমন নানা প্রকল্প হাতে নেওয়া হবে। গত আগস্টেই ঘোষণা হয়, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ৯ মাস থেকে বেড়ে ১২ মাস হচ্ছে। বাজেটে ঘোষণা করা হয়, দুটির কম সন্তান থাকলে মহিলা সরকারি কর্মীরা ১২ মাসের সবেতন ছুটি পাবেন। তাছাড়া গত মে মাসে ক্ষমতায় এসেই ডিএমকে সরকার বাসে মহিলাদের বিনা টিকিটে যাত্রার সিদ্ধান্ত জানায়, পরে এই সুবিধার আওতায় আনা হয় রূপান্তরকামী মহিলা, শারীরিক প্রতিবন্ধীদেরও।