
অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর
শেষ আপডেট: 5 September 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: বিমানযাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল বিভলবার কার্তুজ! বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ধৃত দু'জন বীরভূমের বাসিন্দা বলে জানাগিয়েছে।
বৃহস্পতিবার মুম্বই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মোহাম্মদ ইকবাল নামে দুজন। সম্পর্কে তারা আত্মীয়। বীরভূম জেলার সিউড়ি থানার সাজানোপল্লি এলাকার বাসিন্দা। তাদের সঙ্গে চারটি ল্যাগেজ। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সূত্রে খবর, বিমানবন্দরের ভিতর জিনিসপত্রের তল্লাশির সময়ে তাদের একটি ল্যাগেজের মধ্যে একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ওই দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে। অভিযুক্তদের থানায় নিয়ে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। কী উদ্দেশ্যে তারা ওই রিভলভার নিয়ে যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। যাত্রীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দর চত্বরে ছড়িয়েছে পড়ে ব্যাপক চাঞ্চল্য।