
শেষ আপডেট: 25 October 2024 19:49
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কত কিসিমে’র চুরির কথা তো শোনা যায়! তা বলে মোমো চুরি। বর্ধমান শহরে ভাইরাল হয়েছে মোমো চুরির ছবি। সবাই তাজ্জব হয়ে গেছেন অমন আজব কাণ্ড দেখে! যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি নামী মিষ্টির দোকানের সামনে একটি বাইক রাখা আছে। পাশে রাখা একটি বাইকের আরোহী নেমে এসে অন্য বাইকে রাখা একটি প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছেন। যার মোমোর প্যাকেট চুরি গেছে তিনি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি পোস্ট করেন। সেটি শেয়ার হয়।এই নিয়ে নানা মন্তব্য আসে কমেন্ট সেকশনে। অনেকেই থানায় অভিযোগ করার পরামর্শ দেন। কেউ কেউ আবার নানা অ্যাপে বাইকের ডিটেইলস চেক করা শুরু করেন।
জানা গেছে, শক্তিগড় উত্তর পাড়ার বাসিন্দা মোমোর মালিক কুশল ঘোষ বৃহস্পতিবার কালীবাজারে জি টি রোডের ধারে একটি দোকান থেকে এক প্লেট মোমো পার্সেল করান। ওই মোমোর দাম ছিল ৭০ টাকা। এরপর মিষ্টি কিনতে নামেন সদরঘাট রোডের বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে একটি নামী মিষ্টির দোকানে। সেই ফাঁকেই তাঁর মোমোর প্যাকেট বেহাত হয়ে যায়। ঘটনায় হৈচৈ পড়ে। দোকান থেকে সিসিটিভি ফুটেজ চেক করা হয়। তাতেই ওই দৃশ্য ধরা পড়ে।
মোমো চুরি যাওয়ায় হইচই করলেও কুশলবাবু অবশ্য থানায় অভিযোগ দায়ের করেননি। তবে কেন মোমোর প্যাকেট বাইকে রেখে মিষ্টি কিনতে গেলেন, তারজন্য দুষছেন নিজেকে।