দ্য ওয়াল ব্যুরো: করোনার তৃতীয় ঢেউ এলে তা শিশুদের জন্য মারাত্মক হতে পারে, আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তাই দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বেশ কিছুটা কমে এলেও এখনই নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। হাত গুটিয়ে বসে না থেকে কোভিডের তিন নম্বর ধাক্কার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
দিল্লির এইমস হাসপাতালে এবার ৬ থেকে ১২ বছর বয়সি বাচ্চাদের উপর কোভ্যাকসিন টিকা প্রয়োগ করা হবে। এই ট্রায়ালে অংশগ্রহণের জন্য শিশুদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে। শিশুদের উপর ভারত বায়োটেক নির্মিত কোভ্যাকসিন টিকা আদৌ কার্যকরী হয় কিনা, বা এই ভ্যাকসিন শিশুদের কোভিডের হাত থেকে কতটা সুরক্ষা দিতে পারে, যাচাই করে দেখা হবে সেটাই।
এর আগে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ১২ থেকে ১৮ বছর বয়সি কিশোরদের উপর কোভ্যাকসিন ট্রায়াল সম্পন্ন করা হয়েছিল। প্রত্যেকেই পেয়েছিলেন কোভ্যাকসিনের প্রথম ডোজ। এবার শুরু হচ্ছে পরবর্তী ধাপ।
এরপর ২ থেকে ৬ বছরের শিশুদের উপরও এই পরীক্ষা করে দেখা হবে বলে খবর। তবে এখনই তা হচ্ছে না। শিশুদের কোভ্যাকসিনের দুটি ডোজ আপাতত ২৮ দিনের ব্যবধানে দিয়ে দেখা হচ্ছে।