
শেষ আপডেট: 31 March 2022 12:57
দ্য ওয়াল ব্যুরো : অতীতে যোগগুরু রামদেব (Ramdev) মন্তব্য করেছিলেন, এমন সরকারকে ক্ষমতায় বসানো উচিত যারা ৪০ টাকায় এক লিটার পেট্রল ও ৩০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দিতে পারবে। বৃহস্পতিবার ওই মন্তব্য নিয়ে যোগগুরুকে (Ramdev) প্রশ্ন করেন এক সাংবাদিক। তাতে অত্যন্ত ক্রুদ্ধ হন তিনি। গত আটদিনে জ্বালানির দাম ন'বার বেড়েছে। সেজন্যই রামদেবের (Ramdev) প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ওই সাংবাদিক।
হরিয়ানার কারনালে এক সভায় উপস্থিত ছিলেন রামদেব (Ramdev)। সেখানে জ্বালানি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "হ্যাঁ, আমি আগে ওই কথা বলেছিলাম। তাতে আমি কী করতে পারি? এই ধরনের প্রশ্ন করবেন না। আমি কি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ঠিকা নিয়েছি?"
রামদেবকে ফের জ্বালানি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক। তখন যোগগুরু রেগে গিয়ে বলেন, "আমি ওই কথা বলেছিলাম। অব কেয়া কর লেগা? একদম চুপ করে থাক। ফের ওই প্রশ্ন করলে ফল ভাল হবে না। ভদ্র পরিবারের ছেলের মতো আচরণ কর।"
জনতার উদ্দেশে রামদেব আবেদন জানান, কঠিন সময় সকলে যেন আরও পরিশ্রম করে। তাঁর কথায়, "সরকার বলে, তেলের দাম কম রাখতে হলে কর আদায় হবে না। তাহলে দেশ চলবে কীভাবে? কীভাবে কর্মচারীদের বেতন দেওয়া যাবে? কীভাবে রাস্তা তৈরি হবে? তবে আমি মনে করি, মুদ্রাস্ফীতি কমে যাওয়া উচিত।" এরপরে তিনি বলেন, "সাধারণ মানুষকেও আরও বেশি পরিশ্রম করতে হবে। আমি রোজ ভোর চারটেয় উঠি। রাত ১০ টা পর্যন্ত কাজ করি।" একথা শুনে সভায় উপস্থিত রামদেবের সমর্থকরা হাততালি দেন।
আরও পড়ুন : Kejriwal : দেশের জন্য মরতেও পারি, বাড়িতে বিজেপির বিক্ষোভের পরে বললেন কেজরিওয়াল