.jpeg)
বর্ধমান থানা
শেষ আপডেট: 30 December 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান শহর লাগোয়া বাদশাহী রোড এলাকায় সোমবার উদ্ধার হল মা ও শিশুর দেহ। মৃতদের নাম মামনি সাউ বর্মন (৩০) এবং প্রজ্ঞা বর্মন(৪)। জানা গেছে, তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার রাখালপুর এলাকায়।
মৃতার স্বামী রেলে কাজ করেন। বাদশাহী রোড এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার সকালে ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার স্বামীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি রবিবার রাতে ডিউটিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে বাড়ি ফিরে ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে ঘর থেকে উদ্ধার হয় মা ও মেয়ের দেহ।
প্রতিবেশীরা জানান, ছোট্ট মেয়েটি খুব ফুটফুটে ছিল। তাঁদের পরিবারে কোনও ঝামেলাও তারা দেখেননি। রবিবার রাতেও বাচ্চাটিকে টিভিতে কার্টুন দেখতে দেখেছিলেন তাঁরা। হঠাৎ এই কাণ্ড কীভাবে ঘটল তা ভেবে পাচ্ছেন না তারা। বাড়ির মালিক তপন কুমার ভট্টাচার্য বলেন, "বলেন মহিলার স্বামী রেলে কাজ করেন। সোমবার সকালে ডিউটি থেকে এসে মা-মেয়ের কোনও সাড়া না পেয়ে আমাকে ডাকে। পুলিশ এসে দরজা ভাঙতে বলে। দরজা ভাঙার পরেই মা মেয়েকে সিলিং থেকে ঝুলতে দেখা যায়। আমরা কিছুই বুঝতে পারছি না। কাল রাতেও প্রতিদিনের মত শিশুটি আমায় ডাকে,কথা বলে।"
তিনি জানান, ২০২২ এর ২৯ সেপ্টেম্বর থেকে তাঁরা এখানে ছিলেন। কোনওদিন কোনও গোলযোগ দেখেননি।
স্থানীয়সূত্রে জানা গেছে, মৃতা মহিলার স্বামীর নাম প্রভঞ্জন বর্মন। তিনি রেলের সিগন্যালম্যান। তাঁর সহকর্মী জয়ন্ত রায় বলেন, "প্রভঞ্জন ছেলে হিসেবে অত্যন্ত ভাল। ফুটফুটে বাচ্চা। পারিবারিক কী বিষয়ে এতবড় ঘটনা ঘটে গেল তা জানি না।"
পুলিশের অনুমান, সম্ভবত মেয়ের হাত বেঁধে তাকে মেরে মা আত্মঘাতী হয়েছেন। মর্মান্তিক ঘটনার অভিঘাতে শোকের ছায়া এলাকায়।