দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত পুলিশকর্মী (policeman)। রবিবার রাতে শ্রীনগরের বাতমালু এলাকায় ওই পুলিশকর্মীকে টার্গেট করে হত্যা করে সন্ত্রাসবাদীরা (terrorists)। সংবাদ সংস্থা জনৈক অফিসারকে উদ্ধৃত করে বলেছে, রাত আটটা নাগাদ জম্মু কাশ্মীর পুলিশের কনস্টেবল তৌসিফ আহমেদকে বাতমালুর এসডি কলোনিতে তাঁর বাড়ির কাছেই গুলি করে জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা তাঁকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়ে দেন। হত্যাকাণ্ডস্থল ঘিরে ফেলে আততায়ী সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি (search) চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
রবিবার সন্ধ্যায় জঙ্গিরা কুলগামের নিরাপত্তা জওয়ানদের নিশানা করে গ্রেনেড হামলাও চালায়। যদিও কেউ হতাহত হয়নি। কুলগামের নেহামা চকে ১৮বিএন সিআরপিএফ বাহিনীকে লক্ষ্য করে ছোঁড়া গ্রেনেড রাস্তার পাশে পড়ে ফেটে যায়।
কাশ্মীর উপত্যকায় আচমকা সন্ত্রাসবাদী হামলা বেড়েছে। বিশেষ করে তাদের নিশানা হচ্ছেন সংখ্যালঘু, ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা।
পুলিশকর্মী হত্যায় শোক প্রকাশ করে ন্যাশনাল কনফারেন্স ট্যুইট করেছে, বাতমালুতে ২৯ বছর বয়সি পুলিশকর্মীর ওপর ঘৃণ্য, কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা জানাই। কোনও ভাষাই এর নিন্দায় যথেষ্ট নয়। আল্লাহ ওকে শান্তি দিন। ওঁর পরিবার, বন্ধুদের জানাই আমাদের শোক, সমবেদনা।
এদিকে দি রেজিস্ট্যান্স ফোর্স (টিআরএফ) বাহিনীর সদস্য বলে অভিযুক্ত এক জঙ্গিকে সোপিয়ানের হাসপাতাল থেকে গ্রেফতারত করেছে পুলিশ। তাদের কাছে খবর ছিল, সোহেল আহমেদ লোন নামে সোপিয়ানের হারমেন এলাকার এক জঙ্গির হাসপাতালে চিকিত্সা চলছে। তাকে হেফাজতে নিয়ে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করে নিরাপত্তাবাহিনী। তার ঘাড়ে বুলেটের আঘাত রয়েছে।