দ্য ওয়াল ব্যুরো: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় রাজসাক্ষী হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন পলাতক নীরব মোদীর বোন পূরবী মোদী। নিজের লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইডি-কে সাড়ে ১৭ কোটি টাকা দিয়েছেন তিনি। ১৩,৫০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় পূরবী, তাঁর স্বামী মৈনাক মেহতাকে ক্ষমা করে ফৌজদারি আইনি প্রক্রিয়া থেকে ছাড় দেওয়া হয়েছে। গত ৪ জানুয়ারি তদন্তকারী এজেন্সি তাঁদের আবেদন সমর্থন করে।
সংবাদ সংস্থা ইডির বিবৃতি উদ্ধৃত করে বলেছে, ২৪ জুন পূরবী মোদী ইডি-কে জানান, তিনি লন্ডনে তাঁর নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অস্তিত্বের কথা জেনেছেন। অ্যাকাউন্টটি খোলা হয় তাঁর ভাই নীরব মোদীর হস্তক্ষেপে এবং তাতে গচ্ছিত অর্থ তাঁর নয়। পূরবী মোদীকে যেহেতু সম্পূর্ণ ও সত্য তথ্য জানানোর শর্তে ক্ষমা প্রদর্শন করা হয়েছে, তিনি তাঁর ব্রিটেনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ভারত সরকার, ডিরেক্টরেট অব এনফোর্সমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৩লাখ ১৬ হাজার ৮৮৯ মার্কিন ডলার ট্রান্সফার করেছেন। ইডি কর্তারা জানিয়েছেন, শর্ত অনুসারে পূরবীকে মামলা সম্পর্কিত যাবতীয় তথ্য পুরোপুরি জানাতে হবে এবং তা অবশ্যই যেন সত্যি হয়।
হিরে ব্যবসায়ী নীরব লন্ডনে রয়েছেন। গত সপ্তাহে ব্রিটেনের হাইকোর্টে পিএনবি কেলেঙ্কারি তদন্তে বিচারের জন্য ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে প্রথম দফার আইনি লড়াইয়ে হেরে ধাক্কা খেয়েছেন নীরব। ব্রিটিশ বিদেশসচিব প্রীতি পটেল জালিয়াতি মামলায় তাঁকে ভারতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তার প্রায় দুমাস বাদে প্রত্যর্পণের আদেশের বিরুদ্ধে নীরবের আবেদন খারিজ হয়। গত সপ্তাহেই বিদেশমন্ত্রক স্পষ্ট জানায়, বিচারের মুখোমুখি হতে নীরবকে যত তাড়াতাড়ি হোক ভারতে প্রত্য়র্পনের জন্য ভারত প্রয়াস চালিয়ে যাবে।
নীরব, তাঁর মামা মেহুল চোকসি জাল পিএনবি লেটার্স অব আন্ডারটেকিং বের করে তার জোরে বিদেশি ব্যাঙ্ক থেকে বিপুল ঋণ জোগাড় করায় অভিযুক্ত। জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার কয়েক সপ্তাহ আগেই তাঁরা ২০১৮র জানুয়ারি ভারত থেকে চম্পট দেন।
নীরব বর্তমানে ব্রিটিশ জেলে বন্দি। মেহুল সম্প্রতি বেআইনি অনুপ্রবেশের ঘটনায় ডমিনিকায় আটক হয়েছেন। তাঁর দাবি, তাঁকে অপহরণের চেষ্টা হয়েছিল। ২০১৮ থেকেই পড়শী অ্যান্টিগা ও বারবুডার নাগরিক হিসাবে বসবাস করছিলেন তিনি।