দ্য ওয়াল ব্যুরো: আরিয়ান খান (aryan khan drug case) মাদক মামলায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) (ncb) কে নিশানা করেছিলেন আগেই। এনসিবি তাঁর মেয়ে জামাইকে একটি মাদক মামলায় (drug case) অভিযুক্ত করেছে। ফের এনসিবি, তার জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে (samir wangkhede) কাঠগড়ায় তুললেন মহারাষ্ট্রের জোট সরকারের মন্ত্রী নবাব মালিক(nawab malik)। ঘটনাচক্রে শাহরুখ খানের ছেলের বিরুদ্ধে মাদক মামলার প্রধান তদন্তকারী এই ওয়াংখেড়ে। মালিক সরাসরি আরিয়ান খান মামলায় তাঁর বিরুদ্ধে আঙুল না তুললেও যা বলেছেন, তা মারাত্মক, চাঞ্চল্যকর অভিযোগ। বিভিন্ন মামলায় ওয়াংখেড়ে নিজের বন্ধুদের সাক্ষী হিসাবে খাড়া করেন বলে একগুচ্ছ ট্যুইটে দাবি করেছেন মালিক।
তিনি জনৈক ফ্লেচার পটেল সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। সম্ভবতঃ এনসিবির তিনটি মামলায় সাক্ষী ছিলেন ফ্লেচার। তাঁর সঙ্গে ওয়াংখেড়ের যোগসাজশ প্রমাণে তাঁর বোনের সঙ্গে ফ্লেচারের ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবি শেয়ার করেছেন মালিক। শাহরুখের ছেলেকে গ্রেফতার করে মাদক মামলায় অভিযুক্ত করার পর থেকেই এনসিবির বিরুদ্ধে মুখ খুলেছেন মালিক। মাদক নেওয়ার অভিযোগে গত ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদ তরী থেকে বাকিদের সঙ্গে ধরা পড়েন আরিয়ান।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও শুক্রবার তাঁর দশেরার ভাষণে এনসিবিকে দুষে বলেছেন, ওদের আগ্রহ শুধু সেলেব্রিটিদের ঝরে ছবি তুলিয়ে হইচই করায়। আরেকদিকে মহারাষ্ট্র পুলিশ কোটি কোটি টাকার মাদক উদ্ধার করেছে।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর থেকেই ফিল্মি দুনিয়ার ওপর নজর পড়েছে এনসিবির। তারা গত এক বছরে একাধিক বলিউড তারকাকে ডেকে জেরা করেছে।
উদ্ধবের অভিযোগ, গুজরাতের মুন্দ্রা বন্দরে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত হল, কিন্তু এটা দেখানোর প্রাণান্তকর চেষ্টা হচ্ছে যে, মুম্বই দেশের মাদক রাজধানী!
শাহরুখ পুত্রের গ্রেফতারিতে মহারাষ্ট্রে জোর আলোড়ন উঠেছে। এনসিপি নেতা মালিক এর আগে আরিয়ানের গ্রেফতারির সময় হাজির মনীশ ভানুশালী ও কে পি গোসাবি নামে দুজনের বিস্তারিত তথ্য প্রকাশ করে দাবি করেন, ওরা রহস্যময় লোক, গোসাবির নামে জালিয়াতি মামলা আছে আর ভানুশালী বিজেপি নেতা। আরিয়ানের সঙ্গেই প্রমোদতরী থেকে ধৃত কিছু লোকজনকে প্রভাবশালী মহলের চাপে এনসিবি ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এনসিবি অবশ্য পাল্টা দাবি করেছে, তারা কোনও অন্যায় করেনি।