
শেষ আপডেট: 26 July 2023 10:09
দ্য ওয়াল ব্যুরো: তারিখটা ছিল ২০১৯-এর ৭ ফেব্রুয়ারি। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিরোধীদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, 'আরও পাঁচ বছর অপেক্ষা করুন। আবার আমার বিরুদ্ধেই আপনাদের অনাস্থা প্রস্তাব (no confidence motion) আনতে হবে।'
বুধবার লোকসভায় নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দুটি অনাস্থা প্রস্তাব পেশ হয়েছে। আর সেদিনই বিজেপি সংসদে মোদীর পুরনো ভাষণের টুকরো ভিডিও ভাইরাল করে দিয়ে কার্যত দাবি করল, ২০২৪ এর ভোটেও ক্ষমতায় আসছেন ফের মোদীই। প্রধানমন্ত্রীর পাঁচ বছর আগে দেওয় ভাষণ (five-year-old speech) পুরোপুরি মিলে গিয়েছে। ২০২৩ এ ফের বিরোধীদের তাঁর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনতে হয়েছে।
প্রধানমন্ত্রী সেই ভাষণটি দিয়েছিলেন ২০১৮-র শেষ লগ্নে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তরের প্রসঙ্গ টেনে। বুধবার বর্তমান লোকসভায় পেশ হওয়া অনাস্থা প্রস্তাবের আগে শেষবার এমন উদ্যোগ বিরোধীরা নিয়েছিল ২০১৮ সালে।
পরের বছর ৭ ফেব্রুয়ারি বিগত লোকসভার শেষ ভাষণে প্রধানমন্ত্রী মূলত কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সভায় সেদিন সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা হাজির। কংগ্রেসের নাম না করে মোদী বলেন, 'আমরা ছিলাম মাত্র দুই (১৯৮০ সালে লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন)। আর এখন কোথায় পৌঁছে গিয়েছি। আর আপনারা ৪০০ (১৯৮০ সালে কংগ্রেসের প্রাপ্ত আসন) অহঙ্কারের ফলে আজ ৪৪-এ এসে দাঁড়িয়েছেন।'
বুধবার কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ এবং তেলেঙ্গানার এক সাংসদ লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। আর এই দিনই মোদীর সংসদ ভাষণের পুরনো ভিডিও পদ্ম শিবিরের তরফে বিরোধীদের বড় খোঁচা এবং আরও এক ভবিষ্যত বাণী বলেই মনে করা হচ্ছে। বিজেপি যেন বলতে চাইছে, ২০২৮ -এ ফের মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনতে হবে। কারণ ২৪ এ ফের মোদীই আসছেন।
আরও পড়ুন: ‘ইন্ডিয়া’র অনাস্থা প্রস্তাবে আলোচনায় সায় স্পিকারের, বিরোধী ও সরকার পক্ষের কৌশল কী