দ্য ওয়াল ব্যুরো: বিজেপি-শাসিত কর্নাটকের মহীশূরে দিল্লির ২০১২-র নির্ভয়াকাণ্ডের ছায়া। বাইকে মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রী পুরুষ বন্ধুর সঙ্গে চামুন্ডি হিলস যাওয়ার পথে কয়েকজন তাঁদের থামিয়ে টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা ছেলেটিকে চড়-থাপ্পড় মেরে মেয়েটিকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারা সংখ্যায় ৬ জন ছিল বলে খবর। বুধবার এ ঘটনা জানাজানি হতেই শোরগোল ছড়ায়। এ নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্রর মন্তব্যে বিতর্ক চলছে। তিনি বলেছেন, মেয়েটি সন্ধ্যা সাতটায় ওখানে কী করছিল! কংগ্রেস নেতা ব্রিজেশ কালাপ্পার অভিযোগ, জ্ঞানেন্দ্র বিষয়টি লঘু করে দিতে চাইছেন, যা সম্পূর্ণ নিন্দার। ওনার উচিত মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া। পাল্টা জ্ঞানেন্দ্র কংগ্রেসকে তোপ দেগে অভিযোগ করেন, ওরা রাজনীতি করছে। আমাকেই ধর্ষণের চেষ্টা করছে। ঘটনাটা মহীশূরের। কংগ্রেস এর ফায়দা তোলার চেষ্টা করছে। ঘটনাটা অমানবিক। মেয়েটি ও তাঁর বন্ধু নিশ্চয়ই কোনও নির্জন স্থানে গিয়েছিল। ওদের ওখানে যাওয়া উচিত হয়নি। বুধবারই তিনি পূর্ণাঙ্গ তদন্ত, কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান।
তবে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত নন, তাঁর কাছে মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন। বিজেপি নেতা এস প্রকাশও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, যে কোনও ধর্ষণের ঘটনাই স্পর্শকাতর। দায়িত্ববোধ বজায় রেখে মন্তব্য করা উচিত। রাজনীতি করা ঠিক নয়। কংগ্রেস রাজনীতি করছে।
সেদিনের ঘটনা নিয়ে আলানাহাল্লি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ কমিশনার ডঃ চন্দ্রগুপ্তা জানিয়েছেন, তাঁরা আলাদা টিম গড়ে তদন্তে নেমেছেন।