
অভিযুক্ত অশেষবন্ধু মুখোপাধ্যায়
শেষ আপডেট: 20 March 2025 21:30
দ্য ওয়াল ব্যুরো: 'এই তো জীবন…'। রীতিমতো জমিয়ে আসর বসেছে বর্ধমান (Bardhaman) জেলা ক্রীড়া সংস্থার অফিসে। যেমন তেমন আসর নয়, একেবারে নেশা আর পেশা এক করা আসর। কী না, ক্রিকেটের কোচিং সম্পাদক আয় কয়েকজন সতীর্থদের নিয়ে আয়েশ করে বসেছেন মদ (Alcohol) খেতে।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই (যদিও দ্য ওয়াল এর সত্যতা যাচাই করেনি) শোরগোল পড়ে গিয়েছে।
নানা অভিযোগে নাজেহাল বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা।
এমনিতেই আপাতত স্থগিত আছে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম ডিভিশনের ক্রিকেট লিগ। এই ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্লাবগুলো লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে, সেই কোচিং সম্পাদক অশেষবন্ধু মুখোপাধ্যায়ের দিকেই সংস্থার অফিসে বসে মদ্যপান করতে দেখা গিয়েছে।
অভিযুক্ত জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচিং বিভাগও তদারকি করেন। মাল্টিজিম থেকে শুরু করে আরও কয়েকটি বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি। এবার সেই অশেষবন্ধুকে নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার দফতরে বসে কীভাবে এই মদের আসর, ক্ষোভ ক্রীড়া মহলে। বেশ কয়েকটি ক্লাবের কর্মকর্তাদের দাবি, যেখানে খেলা বন্ধ হয়ে যাচ্ছে, ক্রীড়া সংস্থার দিকে একাধিক অভিযোগ উঠছে, সেখানে এই ধরণের ছবি ভাইরাল হওয়ায় ক্রীড়া সংস্থার গৌরবকে আরও কলুষিত করল।
যদিও, যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই অশেষবন্ধুর কথায়, "এই ধরণের কোনও ঘটনা ঘটেনি। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।"
প্রসঙ্গত, খারাপ আম্পারিং নিয়ে অভিযোগ তুলে প্রথম ডিভিশনের ৬টি ক্লাব নাম প্রত্যাহার করে নিয়েছিল। যার ফলে লিগ বন্ধ হয়ে যায়। দলগুলির মূল ক্ষোভ ছিল, ক্রিকেট সম্পাদক শিবশঙ্কর ঘোষ এবং বর্তমানে আম্পায়ার্স কমিটির দায়িত্বে থাকা অশেষবন্ধু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।
অন্যদিকে, মদের আসরের যে ঘটনা ঘটেছে, তার দায় এড়িয়েছেণ খোদ সাধারণ সম্পাদকও। পীরদাস মণ্ডল বলেন, "কী ছবি ভাইরাল হয়েছে দেখিনি। তাই এই নিয়ে কোনো মন্তব্য করব না।" শুক্রবার বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার বৈঠক রয়েছে। তার আগে এই ভাইরাল ছবি নিয়ে অশনি সংকেত দেখছেন অনেকেই।