দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) বিজেপির গুরুত্বপূর্ণ শরিক বটে, তবে এনডিএতে নীতীশকুমারের জেডি (ইউ) (JDU) নানা ইস্যুতেই বড় গেরুয়া শরিকের থেকে ভিন্ন অবস্থান নিয়েছে। অতি সম্প্রতি পেগাসাস নজরদারি ইস্যুতে বিরোধীদের সুরে তদন্ত, এমনকী বিরোধী রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) (RJD) সঙ্গে হাত মিলিয়ে জাতপাতের ভিত্তিতে সেনসাসের দাবিও করেছে তারা। এবার নরেন্দ্র মোদীর দলের ওপর আরও চাপ বাড়িয়ে জেডি (ইউ)য়ের দাবি, যে একাধিক ইস্যুতে আমাদের মধ্যে মতপার্থক্য আছে, সেগুলি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয়, রাজ্য স্তরে এনডিএ-কে সমন্বয় কমিটি (Coordination committee) চাই।
পাশাপাশি মোদীকে (Narendra Modi) কার্যতঃ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জেডি (ইউ) ন্যাশনাল কাউন্সিল বৈঠকে প্রস্তাব পাশ করে বলা হয়েছে, নীতীশকুমারের মধ্যে একজন প্রধানমন্ত্রীর ‘যেসব গুণাবলী থাকা উচিত, সবই আছে!’ জেডি (ইউ)য়ের মুখ্য সাধারণ সম্পাদক ও জাতীয় মুখপাত্র কে সি ত্যাগী অবশ্য বিতর্ক এড়াতে জানিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদীই দেশের ২০২৪ এর সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকছেন। তিনি সাংবাদিকদের অবশ্য অটলবিহারী বাজপেয়ী জমানায় যেমন এনডিএতে কোঅর্ডিনেশন কমিটি ছিল, তেমনই কোনও কমিটি চান বলে জানিয়েছেন যাতে একাধিক ইস্যুতে জোটের ভিতর তৈরি মতপার্থক্য নিয়ে আলোচনা হতে পারে। এতে জোটের চলার পথ মসৃণ হবে, এনডিএ শরিক নেতারা অবাঞ্ছিত মন্তব্য করা থেকেও বিরত থাকবেন।
আরও পড়ুন---চোর সন্দেহে ট্রাকে বেঁধে খুন, অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন
নীতীশ প্রসঙ্গে তিনি বলেন, আমরা জাতীয় কাউন্সিলে প্রস্তাব নিয়েছি, নীতীশ কুমার হয়তো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই, কিন্তু সেই পদে বসার সব গুণ, যোগ্যতা তাঁর আছে। কিন্তু এমন প্রস্তাব নিতেই বা হল কেন, জানতে চাওয়া হলে ত্যাগী বলেন, নীতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে কোনও কোনও মহল থেকে কটাক্ষ, বক্রোক্তি শোনা যায়, তাই আমরা স্পষ্ট মত জানিয়ে দিলাম।
জেডি (ইউ) জাতপাতের ভিত্তিতে সেনসাসের দাবি করে যাবে বলেও জানিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর ইতিবাচক প্রতিক্রিয়ার আশায় বসে আছেন বলেও মন্তব্য করেন তিনি।
গত ২৩ আগস্ট নীতীশ ১০ দলের প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে জাতপাতের ভিত্তিতে সেনসাসের দাবি করেন। তার আগে পেগাসাস অ্যাপের মাধ্যমে বিরোধী নেতা সহ নানা স্তরের লোকজনের ফোনে আড়িপাতার অভিযোগের তদন্তও চান তিনি।
পর্যবেক্ষক মহলের মত, বিজেপির পক্ষে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে কোনও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া কঠিন। যদিও একাধিক দলীয় নেতা ঘনিষ্ঠ মহলে বলেছেন, সাম্প্রতিক কালে বড় সমর্থনের ভিত্তি হয়ে ওঠা ওবিসি-দের চটাতে পারবে না বিজেপি।
গত ২০ জুলাই লিখিত জবাবে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, সরকার নীতিগত ভাবে তপসিলি জাতি ও উপজাতি বাদে জাতপাত ভিত্তিক জনগণনা না করার সিদ্ধান্ত নিয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'